১৫ লক্ষ টাকার কান্ড, অভিনেতা সোহমকে ফোন করে প্রাণনাশের হুমকি

Published:

Death Threat To Soham Chakraborty big update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ফোনে প্রাণনাশের হুমকি পেলেন টলিউড অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এক প্রযোজকের নম্বর থেকে ফোন আসে অভিনেতার কাছে। কল রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন প্রযোজক। সেই সাথে নাকি তৃণমূল নেতাকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শেষমেষ বাধ্য হয়ে এই খবর প্রকাশ্যে এনেছেন অভিনেতা।

কেন খুন করার হুমকি দেওয়া হল সোহম চক্রবর্তীকে?

খোঁজ নিয়ে জানা গেল, সোহমকে ফোন করে হুমকি দেওয়ার পেছনে রয়েছে এক পুরনো হিসেব। জানা গিয়েছে, 2018 সালে একটি বাংলা ছবিতে অভিনয় করার জন্য নিয়ম মেনে 15 লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল সোহমকে। বলে রাখি, এই ছবির পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী এবং প্রযোজক ছিলেন তরুণ দাস। সোহম চক্রবর্তী জানিয়েছেন, পরিচালক মহুয়া নাকি অভিনেতাকে জানিয়েছিলেন প্রযোজকের ব্যবহারে তিনি একেবারেই সন্তুষ্ট নন। সে কারণে তিনি এই ছবি থেকে সরে যাচ্ছেন।

অভিনেতার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, সিনেমার কথাবার্তা শুরু হওয়ার পর দীর্ঘ 8 বছরের মধ্যে প্রযোজক তাঁকে সেভাবে কল করতেন না। বরং টিমের মাধ্যমেই কথা হতো তাদের। তবে দীর্ঘ 8 বছর পেরিয়ে সম্প্রতি প্রযোজক কল করেন অভিনেতাকে। ফোন তুলতেই সোহমকে 15 লাখ টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন ওই প্রযোজক। অভিনেতা একেবারে স্পষ্ট করে জানান, নিয়ম অনুযায়ী অগ্রিম নেওয়া টাকা ফেরত দেওয়া হয় না। কারণ, প্রযোজক যেখানে নিজেই ছবি তৈরি করছেন না সেখানে অভিনেতার কোনও ভুল নেই।

অবশ্যই পড়ুন: বিশেষ উদযাপন বৈভব সূর্যবংশীর, যোগ রয়েছে মায়ের সাথে! জানলে গর্ব হবে

অভিনেতা এও জানিয়েছেন, মাঝে প্রযোজক তরুণ দাস তাঁর অফিসে এসে অগ্রিম দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন। সেখানেও তিনি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই টাকা ফেরতযোগ্য নয়। এরই মাঝে সরকার বদল হয়েছে বাংলায়। আর তার পর পরই গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সোহম চক্রবর্তীকে ফোন করে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ঘুরিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রযোজকের বিরুদ্ধে। একই সাথে সোহমকে জয় শ্রীরাম স্লোগানও শুনিয়েছেন প্রযোজক। এই ঘটনায় যথেষ্ট আশঙ্কায় অভিনেতার পরিবার। জানা যাচ্ছে, শীঘ্রই ওই প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন সোহম চক্রবর্তী।