অনন্যা সরকার, আসাম: গত ১৯ সেপ্টেম্বর কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)-এর আকস্মিক মৃত্যুর ১ বছর পূর্ণ হল। সিঙ্গাপুরে সমুদ্রের জলে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে সঙ্গীতশিল্পীর মৃত্যু হয়। শ্রোতাদের মনে সদা বিরাজমান জুবিনকে তাঁর ভক্তরা ‘ঈশ্বরপুত্র’ বলে ডাকেন। তাঁর মৃত্যুর পর তাঁর অগণিত অনুরাগী তাঁর শেষ যাত্রায় অংশ নেন। চোখের জলে বিদায় জানান প্রিয় শিল্পীকে। দেখতে দেখতে কেটে গিয়েছে একটি বছর। এখন আসামে প্রখ্যাত সংগীতশিল্পীর মৃত্যু বার্ষিকীতে নবনির্মিত একটি আবক্ষমূর্তির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জুবিন গর্গের মূর্তির চোখ দিয়ে গড়িয়ে পড়া জল ঘিরে চাঞ্চল্য সৃষ্টি
ঘটনাটি ঘটেছে আসামের বরপেটা শহরের নবীন চন্দ্র বরদলৈ পার্কে। জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরপেটা প্রেস ক্লাব ও কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে শিল্পীর আবক্ষ মূর্তিটি উন্মোচন করা হয়েছিল। সেই রাতেই, সেখানে উপস্থিত ভক্তরা মূর্তিটির ডান চোখের কোণ দিয়ে অশ্রুবিন্দুর মতো জলের ধারা গড়িয়ে পড়তে দেখেন। এই অদ্ভুত ঘটনার ছবি ও ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভক্তরা এই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন, আবার অনেকে এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও খুঁজছেন। বর্তমানে ঘটনাটিকে ঘিরে চলছে তুমুল আলোচনা। তবে জুবিন গর্গের অনুরাগীদের জন্য এটি ছিল এক গভীর আবেগঘন মুহূর্ত। অনেকেই মনে করছেন যে, প্রিয় শিল্পীর স্মরণে প্রস্তর মূর্তিটির চোখের কোণ দিয়েও অশ্রু বেরিয়ে আসছে।
আরও পড়ুন: বিশ্ব বাংলা সরণির নতুন নাম হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
তবে, বিজ্ঞানমনস্ক ব্যক্তি বলছেন এর মধ্যে অলৌকিক কিছু নেই। এই ধরনের জলের ফোঁটা বা অশ্রুধারার মতো দাগ সাধারণত মূর্তিতে ব্যবহৃত উপাদানের রাসায়নিক বিক্রিয়া, রাতের দিকে সৃষ্টি হওয়া হিম অথবা মূর্তির ভেতরে আটকে থাকা জলীয় বাষ্প ও আর্দ্রতা বেরিয়ে যাওয়ার কারণে তৈরি হতে পারে। এই জলের দাগগুলি সাধারণত কিছু সময় পরে স্বাভাবিকভাবেই অদৃশ্য হয়ে যায়। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলির সত্যতা বা এই ঘটনার সঠিক কারণ নিশ্চিতভাবে সামনে আসেনি, তবে ঘটনাটি সারা আসাম জুড়ে জুবিন গর্গের অনুরাগীদের আবেগতাড়িত করে তুলেছে।










