সহেলি মিত্র, কলকাতাঃ প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)? গতকাল থেকেই তাঁর মৃত্যুর খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। দীর্ঘদিন ধরেই অসুস্থ টলিউড অভিনেতা। এমনকি চিকিৎসার গাফিলতির কারণে তাঁকে শেষমেষ হুইলচেয়ারে অবধি বসতে হয়েছে। জুবুথুবু অবস্থা এক কথায়। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলে। এহেন অবস্থায় মঙ্গলবার সকাল থেকেই অভিনেতার মৃত্যুর গুঞ্জন সকলকে নাড়িয়ে রেখে দিয়েছে। যদিও অভিনেতা বেঁচে আছেন এবং সুস্থ আছেন বলে নিজেই জানিয়েছেন। সেইসঙ্গে যারা তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে তাঁদের এক হাত নিয়েছেন তিনি।
প্রয়াত অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়?
অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই গর্জে ওঠে West Bengal Motion Picture Artists’ Forum। ফেসবুকে সংস্থার পক্ষ থেকে সাফ জানানো হয়, ‘অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের প্রয়াণের যে মিথ্যা খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। West Bengal Motion Picture Artists’ Forum-এর পক্ষ থেকে জানানো হচ্ছে, বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। অভিনেতা নিজেও সকলকে অনুরোধ করেছেন, এই ধরনের ভুয়ো খবর বিশ্বাস বা প্রচার না করার জন্য। সকলের কাছে অনুরোধ, কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন।’ এই বার্তার সঙ্গে বিপ্লব চট্টোপাধ্যায়ের একটি ভিডিও অবধি শেয়ার করে ফোরাম।
কী জানালেন অভিনেতা?
অভিনেতা কাঁপা কাঁপা গলায় বলেন, “আমাকে অনেক বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনে। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই। অনেক বছর পেরিয়ে এলাম। আর কত বছর পেরিয়ে যাবো জানি না। তবে আমি যেতে চাইছি না।”
তিনি আরও বলেন, “একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি। যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন। এটা আপনাদের শিক্ষাদীক্ষার অভাব বলেই মনে করি। কেননা আমরা প্রত্যেকেই বয়সের দিকে এগোচ্ছি, আস্তে আস্তে যাবো একদিন। সবাই যাবে। কিন্তু এটা প্রচার করাটা ঠিক নয়।”










