৭৬ বছরে শুরু লেখাপড়া, ৮৫ বছরে MA পাস করে PHD করার পথে লাল চাঁদ

Published:

Lal Chand Ma

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘শেখার কোনও বয়স হয় না।” “লেখাপড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না বয়স।” বাংলার এইসব প্রচলিত প্রবাদ সত্যি করে দেখালেন হরিয়ানার সিরসার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী লাল চাঁদ গোদার (Lal Chand)। জানলে অবাক হতে হয়, 85 বছর বয়সে পা দিয়ে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ আর্টস বা MA ডিগ্রি অর্জন করেছেন লাল চাঁদ (Lal Chand Godara)। তবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েই থেমে যেতে রাজি নন তিনি। এবার লক্ষ্য PHD অথবা আইন নিয়ে পড়াশোনা করবেন।

76 বছর বয়সে লেখাপড়া শুরু করেন লাল চাঁদ

লেখাপড়ার গণ্ডি থেকে বেরিয়ে এসে 20 বছর বয়স হওয়ার আগেই ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন লাল চাঁদ। সেনাবাহিনী নিজের দায়িত্ব পালন করার পর হরিয়ানার পরিবহন দপ্তরে ইয়ার্ড মাস্টার হিসেবেও কাজ করেন তিনি। শেষমেষ 2002 সালে সেই চাকরি থেকে অবসর নেন হরিয়ানার বাসিন্দা লাল চাঁদ। তবে অবসর নিয়েও থেমে থাকেননি তিনি। মাস্টার অ্যাথলেটিকসে অংশ নিয়ে বিভিন্ন বিভাগে পদক জিতেছিলেন প্রাক্তন সেনা কর্মী। এমনকি মাস্টার অ্যাথলেটিকসে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও অংশগ্রহণ করেছিলেন তিনি।

জানা গিয়েছে, 76 বছর বয়সে পা রেখে হঠাৎ করেই ফের লেখাপড়া করার ইচ্ছে জেগেছিল লাল চাঁদের মনে। সেখান থেকেই শুরু হয় লড়াই। দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করে 81 বছর বয়সে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর কিছুটা বিশ্রাম নিয়ে 2023 সালে IGNOU-র MA কোর্সে ভর্তি হয়ে যান লাল চাঁদ। সেখান থেকেই সম্প্রতি 1200 এর মধ্যে 965 নম্বর নিয়ে MA পাস করেন হরিয়ানার এই বৃদ্ধ।

আরও পড়ুন: ১০ হাজার টাকা বকেয়া! মালিককে শিক্ষা দিতে মার্কেটে আগুন লাগালেন কর্মী, ক্ষতি ২৪ কোটির

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বয়স বাড়লেও লেখাপড়া থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন না লাল চাঁদ। 85 বছর বয়সে MA পাস করার পর এখন PHD বা আইন নিয়ে পড়াশোনা করতে চান হরিয়ানার ওই বাসিন্দা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজে জানিয়েছেন, “লেখাপড়া শুরু করার কোনও বয়স হয় না। শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। আমি যতদিন পারবো লেখাপড়া চালিয়ে যাব।” এত বয়সে পৌঁছেও পড়াশোনার প্রতি লাল চাঁদের এমন অনাবিল আকর্ষণ দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছেন অনেকেই।