সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরুর আগেই ফ্লাইট থেকে গ্রেফতার হন অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। তবে এবার আরও বড় দুঃসংবাদ! দিল্লিতে সিজেপি প্রধান আটক হলেও হঠাৎ তাঁর বাড়ি থেকে এল শোকের খবর। অভিজিৎ তাঁর বাবা-মায়ের সঙ্গে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাড়িতে থাকলেও তাঁর ঠাকুমা থাকতেন হিঙ্গোলিতে। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ প্রয়াত হন তিনি। সিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
অভিজিতের পরিবারে শোকের ছায়া
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলছে ধুন্ধুমার কাণ্ড। অভিজিৎসহ গ্রেফতার হয়েছেন একাধিক বিরোধী নেতারা। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত আটক করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি আজ সকালেই বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ। তবে এরই মধ্যে এল শোকের বার্তা। অভিজিৎ একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, যেহেতু তাঁকে, সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে গ্রেফতার করা হয়েছে, তাই এখন থেকে অঞ্জিকা সিন্ধে এই প্রতিবাদের নেতৃত্ব দেবেন।
জানা গিয়েছে, অভিজিতের ঠাকুমা সাবিত্রী বাঈ দীপকে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় বসবাস করতেন। সেখানে দীপকের পৈতৃক বাড়ি। তবে দীর্ঘদিন অসুস্থতার পর শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিজিতের ঠাকুমা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। অভিজিৎ দীপকের পরিবার এবং বাবা-মা ছত্রপতি সম্ভাজিনগরে বসবাস করেন বলেই খবর। তবে যেহেতু তিনি বর্তমানে পুলিশের হাতে আটক, তাই শেষকৃত্যে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।
আরও পড়ুন: কেন দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরা?
যদিও অভিজিতের সঙ্গে এখনও তাঁর পরিবারের যোগাযোগ করতে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সূত্র বলছে, অভিজিৎকে এই খবর জানানো হলে তাঁকে মহারাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে দিল্লি পুলিশ। এদিকে বিক্ষোভের কথা মাথায় রেখে শনিবার অভিজিতের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। এক পুলিশ আধিকারিক এ বিষয়ে জানিয়েছেন, আগে অভিজিতের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকত। তবে দিল্লির পরিস্থিতি বিবেচনা করে পুলিশ সদর দফতরের নির্দেশে ২০ জনের একটি দল মোতায়েন করা হয়েছে বলে খবর।










