ভোররাতে অমরাবতী হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ নবজাতকের, অসুস্থ একাধিক

Published:

Amravati Hospital Fire

প্রীতি পোদ্দার, কলকাতা: আগুনের লেলিহান শিখা কেড়ে নিল ৩ নবজাতকের প্রাণ, অসুস্থ হয়ে পড়ল একাধিক। জানা গিয়েছে, সোমবার ভোরে মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতী জেলা হাসপাতালের নবজাতক ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Amravati Hospital Fire) জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা তৎপর হয়ে ওঠেন। এক এক করে শিশুদের অন্য হাসপাতালে ট্রান্সফার করেন। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে নবজাতক পরিচর্যা ইউনিটে থাকা একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হওয়ার কারণেই এই আগুনের (Fire) সূত্রপাত। তদন্তে নামল পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ সোমবার ভোররাত প্রায় সাড়ে ৩টে নাগাদ মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালের তৃতীয় তলায় থাকা NICU-তে আগুন লাগে। সেখানকার একটি ভেন্টিলেটরে আচমকা বিস্ফোরণ হয়, আর তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় NICU-তে মোট ৩৯ জন সদ্যোজাত শিশু ছিল বলে জানা গিয়েছে। আগুনের লেলিহানে তাদের মধ্যে তিন জনের প্রাণ বেঘোরে চলে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং শিশুদের স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে সরিয়ে দেওয়া হয়।

এনকোয়ারি কমিটি শুরু করেছে তদন্ত

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিশু, যদিও বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। তবে তাঁদের শারীরিক অবস্থা এখনও সঙ্কটমুক্ত নয়। ভয়ংকর অগ্নিকাণ্ডের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুদের পরিবার। প্রশ্ন উঠছে কার গাফিলতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, হাসপাতাল কর্তৃপক্ষ কেন সচেতন ছিল না? ইতিমধ্যেই খবর পেয়ে ডিসিপি-সহ পুলিশের উচ্চকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু হয়েছে তদন্ত। এছাড়াও স্থানীয় প্রশাসনের তরফ থেকেও এনকোয়ারি কমিটি শুরু করেছে তদন্ত।

আরও পড়ুন: ফের কলকাতায় বিধ্বংসী আগুন, এয়ারপোর্টের পাশে পুড়ে ছাই ৩০ টি গাড়ি

স্থানীয় বিধায়ক তথা রাজ্যর মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে শোকপ্রকাশ করেছেন তিন শিশুর মৃত্যুতে। ইতিমধ্যেই তিনি সরকারি সাহায্যের কথা ঘোষণাও করেছেন। অন্যদিকে এই অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী যশোমতী চন্দ্রকান্ত ঠাকুর। তাঁদের অভিযোগ হাসপাতালের পরিকাঠামো, অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ত্রুটি রয়েছে এমনকি হাসপাতাল পরিচালনা নিয়েও উঠছে প্রশ্ন তাই এর মাশুল গুণতে হল তিনটি তাজা প্রাণকে। তবে এখনই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, স্থানীয় পুলিশও ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখছে।