অনন্যা সরকার, নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে এমন অনেক বীর যোদ্ধা রয়েছেন যাদের জন্য এই দেশ সুরক্ষিত ও গর্বিত। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীরই এমন এক সদস্য নিয়ে জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। না কোনও জওয়ান নয়, সে হল ভারতীয় সেনাবাহিনীর ২ প্যারা স্পেশাল ফোর্সের অ্যাসল্ট ডগ, টাইসন (Army Dog Tyson)। এবছর স্বাধীনতা দিবস উদযাপনের সময় টাইসনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। এবছরের শুরুতে, ‘অপারেশন রক্ষক’ (Operation Rakshak)-এর অধীনে জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়। সেখানেই টাইসন অসাধারণ বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছে। এমনকি সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান চালানোর সময় টাইসনের পায়ে গুলিও লাগে। তাকে এই সাহসিকতার জন্য বীরত্বের মেডেল প্রদান করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী অভিযানে টাইসনের ভূমিকা
এবছর ২২ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার চাটরু এলাকায় ‘অপারেশন ত্রাশি-১’-এর সময় টাইসন সৈন্যদের সামনে থেকে রেকি করে এবং সন্ত্রাসবাদীদের একটি ডেরা খুঁজে পায়। জঙ্গিদের আক্রমণের সামনে প্রথম গুলিটা নিজের গায়ে নিয়ে টাইসন অসাধারণ সাহসিকতার পরিচয় দেয় টাইসন। এই আঘাতের পরও সে নির্ভীকভাবে সামনে এগিয়ে যায় এবং আক্রমণ চালায়। এরফলে তার উপস্থিতি সম্পর্কে জানতে পারে সন্ত্রাসবাদীরা এবং গুলি চালাতে বাধ্য হয়।
আরও পড়ুন: ১৫ আগস্ট যেতে হয়েছিল স্কুলে, সোমবার পূর্ণদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
এই সাহসী পদক্ষেপের ফলে হোয়াইট নাইট কর্পস (White Knight Corps)-এর সৈনিক, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর সেনারা পাকিস্তান-সমর্থিত তিন সন্ত্রাসবাদীর সফলভাবে মোকাবিলা করতে ও তাদের নির্মূল করতে সক্ষম হয়। পায়ে গুলি খাওয়া সত্ত্বেও টাইসন পিছু হটেনি। যত দ্রুত সম্ভব আহত টাইসনকে জরুরি চিকিৎসার জন্য উধমপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ায় সে সুস্থ হয়ে ওঠে। পরে সেনাবাহিনীর তরফে জানানো হয় যে, আঘাত সত্ত্বেও টাইসনের সতর্ক অবস্থান ও মনোবল তার কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠারই প্রমাণ। টাইসন সকল অর্থেই একজন প্রকৃত যোদ্ধা।
উল্লেখ্য, টাইসন সেনাবাহিনীর বিশেষ অ্যাসল্ট ডগ স্কোয়াডের অংশ, যাদের ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য সৈন্যদের মতো প্রশিক্ষণ দেওয়া হয়। এমন পরিস্থিতিতে এই কুকুরদের ব্যবহার করা হয়, যেখানে একজন সৈনিক অকস্মাৎ বিপদের সম্মুখীন হতে পারে। তারা সৈন্যদেরকে লুকানো জঙ্গিদের ডেরা শনাক্ত করতে, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে এবং শত্রুপক্ষের অবস্থান খুঁজে বের করতে সাহায্য করে।
আরও পড়ুন: ৯৩.৮৪% সাফল্য, সেনসাসে দেশের মধ্যে এগিয়ে বাংলা! জানালেন মুখ্যমন্ত্রী
জানিয়ে রাখি, টাইসনকে দেওয়া এই সম্মাননাটি সন্ত্রাসবিরোধী অভিযানে সামরিক কুকুরদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয়। ‘মেনশন-ইন-ডেসপ্যাচেস’ (MiD) প্রাপ্তরা কোনো গ্যালেন্টারি মেডেল পায় না, তবে আনুষ্ঠানিক সার্টিফিকেট ও ক্যাম্পেইন মেডেলের ফিতেতে বিশেষ এম্বলেম লাগানোর অধিকার পায়। ‘রিমাউন্ট ভেটেরিনারি কর্পস’-এর জার্মান শেফার্ড কুকুর টাইসন ৮৯ জন এমআইডি প্রাপকের তালিকায় একমাত্র পশুনায়ক।










