মাসে কত কিমি করে বুলেট ট্রেনের ট্র্যাক তৈরি? জানালেন রেলমন্ত্রী

Published:

Ashwini Vaishnaw

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুলেট ট্রেন প্রকল্প নিয়ে তৎপর রেল (Ashwini Vaishnaw)। যত দ্রুত সম্ভব দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ শেষ করা যায়, সেদিকেই নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। এমতাবস্থায়, মঙ্গলবার ভারতে বুলেট ট্রেন প্রকল্প নিয়ে বড় তথ্য দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রী একেবারে স্পষ্ট করে জানালেন, বর্তমানে দেশে প্রত্যেক মাসে 15 কিলোমিটার করে উচ্চগতির ট্র্যাক বা হাইস্পিড রেল করিডোর অর্থাৎ বুলেট ট্রেনের ট্র্যাক নির্মাণ হচ্ছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বুলেট ট্রেন প্রকল্প নিয়ে আরও কিছু তথ্য দেন রেলমন্ত্রী।

ঠিক কী জানালেন রেলমন্ত্রী?

মঙ্গলবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একেবারে খোলাখুলি জানান, “আমাদের নিজস্ব প্রকৌশল এবং সেরা প্রযুক্তির কারণে বুলেট ট্রেন প্রকল্পে কাজের গতি বেড়েছে। আগে ভারতে হাই স্পিড রেল ট্র্যাকে কাজ প্রত্যেক মাসে 0.5 কিলোমিটার করে এগোত।” এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী আরও জানান, সব ঠিক থাকলে আগামী 2027 সালের আগস্ট মাসের মধ্যেই ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের উদ্বোধন হয়ে যাবে।

এদিন অশ্বিনী বৈষ্ণব অতীত স্মরণ করিয়ে বলেন, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2021 সালের 11 আগস্ট। মাঝে কিছু সমস্যার কারণে বুলেট ট্রেন প্রকল্পের কাজে বেশ বিলম্ব হয়েছে। তবে এবার বুলেট ট্রেন প্রকল্পের জন্য সব রকম প্রস্তুতি চলছে। গুজরাতের সুরাট থেকে ভাপির মধ্যেকার হাই স্পিড রেল করিডোরেরও প্রাথমিক 97 কিলোমিটার অংশ আগামী বছরই চালু হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে।

অবশ্যই পড়ুন: ইরান যুদ্ধের মাঝেই ভারতকে বাঁচাচ্ছে ‘গো মাতা’, কীভাবে দেখুন

প্রসঙ্গত, দেশের প্রথম বুলেট ট্রেন মুম্বই-আহমেদাবাদ প্রকল্পটি 2016 সালে শুরু হলেও মহারাষ্ট্রে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে কাজে দেরি হয়েছে। এর ফলে এই প্রকল্পের প্রাথমিক ব্যয় 1.08 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে প্রায় দ্বিগুণ অর্থাৎ 1.98 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। আর এই ঘটনার জন্য মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের অনিহাকে দায়ী করেছেন রেলমন্ত্রী। এদিন মন্ত্রী এও বলেন, “কেন্দ্রীয় সরকার ভবিষ্যতের রেল করিডোরগুলির বিষয়ে সতর্কতা মূলক পদক্ষেপ নিচ্ছে। এর ফলে দেশের প্রধান শহর গুলির মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে।” একই সাথে এদিন রেলমন্ত্রীও বললেন, “বুলেট ট্রেন প্রকল্পের জন্য মাটির নমুনা পরীক্ষা করতে আমরা গুজরাতে বিশ্বের বৃহত্তম ভূ-প্রযুক্তিগত পরীক্ষাগার তৈরি করছি।”