জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল মুম্বই-দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ককরোচদের

Published:

CJP Protest

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের প্রতিবাদের ডাক দিল ককরোচ দল (CJP Protest)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের (Mumbai) শিবাজি পার্কে ‘ককরোচ জনতা পার্টি’ -র পক্ষ থেকে বিক্ষোভ ও জেল ভরো আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথে (Delhi) নেমেছে আপ। এছাড়াও যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র-যুব-নাগরিক সংগঠন। বেলা বাড়তেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কর্মী-সমর্থকদের। অভিযোগ, আপ-এর সভাপতি সৌরভ ভরদ্বাজকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। ভাইরাল সেই ছবি।

আটক করা হয় সৌরভ ভরদ্বাজকে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, SIR ঘিরে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার থেকে আন্দোলন শুরু হয়েছে দিল্লি মুম্বইতে। জানা গিয়েছে, সকালে যন্তর মন্তর চত্বরে আম আদমি পার্টি সমর্থকদের সঙ্গে পুলিশের একপ্রস্ত ধস্তাধস্তি শুরু হয়। আর তখনই আটক করা হয় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজকে। রীতিমত চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তোলা হয়েছিল। পাশাপাশি যন্তর মন্তর থেকে একাধিক বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ। অন্যদিকে, ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) মুম্বইয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চরম বিক্ষোভ

সূত্রের খবর, মুম্বইয়ের শিবাজি পার্কে মূল জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। কিন্তু সেখানে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। শেষমেশ অভিজিৎ দীপকেরা জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছেন। এই আন্দোলনে সামিল হওয়ার জন্য গতকাল রাত থেকেই মুম্বইয়ে জমায়েত শুরু করেছিল ককরোচরা। তখনই ধরপাকড় শুরু হয়। শেষে পুলিশ রাতে জমায়েত করার অভিযোগে কিছুক্ষণের জন্য থানায় তুলে নিয়ে যায় ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকেকে। যদিও কিছুক্ষণ পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আজ সকাল হতেই বিক্ষোভের আঁচ দেখা গেল মুম্বই এবং দিল্লিতে। যদিও দুই শহরেই পুলিশের কড়া নজরদারি এবং অনুমতি নিয়ে টানাপড়েনের মধ্যে ককরোচ আন্দোলন এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: ৭ বছর আগে মৃত্যু, কিন্তু এখনও অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা! শোরগোল পাণ্ডুয়ায়

CJP জানিয়েছে, মুম্বইয়ের পর কলকাতা, বেঙ্গালুরু ও গোয়ায় পালিত হবে তাদের ‘জেল ভরো’ কর্মসূচি। এই প্রসঙ্গে সিজেপি প্রধান দীপকে জানিয়েছেন, চলতি মাসের শেষে তাঁরা ফের দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনে নামবেন। জ্ঞানেশ ইস্তফা না-দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ঠিক যে ভাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত যন্তর মন্তর থেকে নিট-এর প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন চলেছিল। এদিকে শিবাজি পার্কের গেট নম্বর ৬-এর কাছে কর্মসূচি ঘিরে সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। কিন্তু এখনও সেখানে আনুষ্ঠানিক অনুমতি মেলেনি বলেই সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে।

google button