অনন্যা সরকার, কলকাতা: ভারতবর্ষের জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করে গ্রাম। সম্প্রতি মোদী সরকার গ্রামাঞ্চলের বাসিন্দাদের জন্য ২৩,৭৩১ কোটি টাকার একটি দুর্দান্ত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, পণ্য তৈরির কাঁচামাল পাওয়া যাবে প্রায় বিনামূল্যে এবং পণ্য প্রস্তুত করার পর সরকার পুরোটাই কিনে নেওয়ার ব্যবস্থা করবে। অর্থাৎ, ব্যবসায়ীকে তার উৎপাদিত পণ্য বিক্রি করা নিয়ে আর চিন্তাই করতে হবে না, সরকারই তার দায়িত্ব নেবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সম্প্রতি জানিয়েছে যে, সরকার ২৩,৭৩১ কোটি টাকার গোবরধন প্রকল্প (GOBARdhan Scheme) চালু করেছে। এই প্রকল্পের অধীনে, সরকার কম্প্রেসড বায়োগ্যাস (CBG) উৎপাদনকারীদের বিক্রয়যোগ্য গ্যাসের ১০০% নিশ্চিত ক্রয়ের ব্যবস্থা করবে। পাশাপাশি, উৎপাদকদের কমপক্ষে ১০ বছরের জন্য একটি নির্ধারিত মূল্য এবং পুঁজিগত সহায়তা প্রদান করা হবে।
১০ বছর ধরে চলবে এই প্রকল্প
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোবরধন প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষ পর্যন্ত কার্যকর থাকবে। এই স্কিমের মূল উদ্দেশ্য হল দেশজুড়ে সিবিজি-এর উৎপাদন বৃদ্ধি করা, বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা এবং এই প্রজেক্টগুলির জন্য আরও অনুকূল বাজার তৈরি করা। গোবরধন (Galvanizing Organic Bio-Agro Resources Dhan) একটি সরকারি কর্মসূচি, যা গবাদি পশুর গোবর, কৃষি বর্জ্য, খাদ্য বর্জ্য এবং অন্যান্য জৈব বর্জ্য থেকে জৈব সার, বায়োগ্যাস এবং সিবিজি উৎপাদন করে। ওই প্রকল্পে উৎপাদিত সিবিজি-কে প্রাকৃতিক গ্যাসের সাথে মিশ্রিত করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে।
পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে যে, এই প্রকল্পের অধীনে ছয়টি মূল বিষয়কে নিশ্চিত করা হবে, এগুলি হল – সিবিজি-র নিশ্চিত ক্রয়, মূলধনে সহায়তা, মূল্য নির্ধারণ পদ্ধতি, লোন গ্যারান্টি সহায়তা, পাইপলাইন পরিকাঠামো এবং সিবিজি ইকোসিস্টেম চ্যালেঞ্জ ফান্ড। নতুন এই ব্যবস্থার অধীনে, যোগ্য সিবিজি উৎপাদকরা তাদের উৎপাদিত গ্যাসের ১০০% পর্যন্ত নিশ্চিত ক্রয়ের জন্য সরকারের কাছে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ২২,৮৭৫.৬৬ কোটি টাকার লোকসান, লিটারে ২০ টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
গোবরধন প্রকল্পের অধীনে গ্যাস সরবরাহকে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) কোম্পানিগুলো ও তাদের নিজ নিজ ভৌগোলিক অঞ্চলের সাথে সংযুক্ত করা হবে। সিবিজি ক্লাস্টারের মাধ্যমে গ্যাস সংগ্রহ করে মূল পাইপলাইনে তা প্রবেশ করানোর ব্যবস্থাও করা হবে। সিজিডি কোম্পানিগুলোকে সিএনজি সরবরাহ এবং ডোমেস্টিক পিএনজি-এর ক্ষেত্রে তাদের মোট গ্যাস সরবরাহের একটি নির্ধারিত অনুপাতে সিবিজি ক্রয় ও বিক্রয় করতে হবে। এই বাধ্যবাধকতা চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে ৩%, আসন্ন ২০২৭-২৮ অর্থবর্ষে ৪% এবং ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে ৫% বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: সাড়ে তিন লক্ষ টাকা হতে পারে সোনার দাম!
সরকার কম্প্রেসড বায়োগ্যাসের দাম প্রতি ইউনিট (mmBtu) ২,১১০ টাকা নির্ধারণ করেছে। ৯৫% মিথেন উপাদানের ভিত্তিতে, এর দাম প্রতি কিলোগ্রামে প্রায় ৯৮ টাকা। তবে, এর মধ্যে কর এবং কম্প্রেশন চার্জ অন্তর্ভুক্ত নেই। এই দাম আগামী ৩১ মার্চ, ২০৩৬ পর্যন্ত কার্যকর থাকবে। তবে, সিবিজি উৎপাদনের খরচ, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য কারণের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এর দাম সংশোধিত হতে পারে।










