আনিষা চৌধুরী, কলকাতা: দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার (Gold) দাম। এক সপ্তাহের হিসাব অনুযায়ী, ভারতের বিভিন্ন শহরে ২৪ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ ১,২৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে এই ধাতু। ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১,১৫০ টাকা। ২০ সেপ্টেম্বর সকালে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৫৫,৯৯০ টাকা। মুম্বই ও কলকাতায় এই দর ১,৫৫,৮৪০ টাকা।
কোন শহরে কত দাম?
দিল্লিতে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৪৩,০০০ টাকা। অন্যদিকে মুম্বই, কলকাতা, চেন্নাই, পুনে এবং বেঙ্গালুরুতে ২২ ক্যারেট সোনার দর ১,৪২,৮৫০ টাকা প্রতি ১০ গ্রাম। এই শহরগুলিতে ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৫,৮৪০ টাকা। অর্থাৎ বলাই বাহুল্য শহরভেদে সামান্য পার্থক্য থাকলেও দেশের বাজারে সোনার দর এখন বেশ চড়া। আন্তর্জাতিক বাজারেও গত এক সপ্তাহে সোনার দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সকালে স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৪,৩৯০.১১ ডলার।
সোনার দাম ভবিষ্যতে কোথায় যেতে পারে, তার কোনও ঠিক নেই। এই নিয়েই শুরু হয়েছে আলোচনা। জেফারিসের গ্লোবাল হেড অফ ইকুইটি স্ট্র্যাটেজি ক্রিস উডের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১০ হাজার ডলারে পৌঁছতে পারে। বর্তমানে প্রতি আউন্স প্রায় ৪,৩৪৯ ডলারের হিসাব ধরলে ১০ হাজার ডলারে পৌঁছনোর অর্থ হলো দাম প্রায় ১৩০ শতাংশ বৃদ্ধি পাওয়া। ভারতের এমসিএক্সে বর্তমানে প্রতি ১০ গ্রামে প্রায় ১.৫১ লক্ষ টাকা হলেও এই সোনা ভবিষ্যতে আনুমানিক ৩.৪৭ লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে।
আরও পড়ুন: বালুরঘাট থেকে কলকাতা যাতায়াত করুন ডিলাক্স বাসে, জেনে নিন এর রুট ও সময়সূচি
শুধু সোনা নয়, গত এক সপ্তাহে রুপোর দামও রীতিমত নজর কেড়েছে। এই সময়ে প্রতি কিলোগ্রামে রুপোর দর প্রায় ১০,০০০ টাকা বেড়ে ২০ সেপ্টেম্বর সকালে ২,৫৫,০০০ টাকায় পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দাম ছিল প্রতি আউন্স ৬৬.৭০ ডলার। তবে বছরের শুরুতে দেশে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৪,০০,০০০ টাকা পর্যন্ত উঠেছিল। সেই তুলনায় বর্তমানে রুপোর দাম প্রায় ৩৬ শতাংশ নিচে রয়েছে।










