বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিনে চলবে অতিরিক্ত 40টি ট্রেন (Train)। কমবে যাত্রী ভোগান্তি। সেই মর্মে এবার দিল্লি-হাওড়া রুটে 976 কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। রেল জানিয়ে দিয়েছে, পূর্ব মধ্য রেলওয়ের অধীনস্থ বিহারের দানাপুর থেকে ফতুহা লাইনে অন্তত 29 কিলোমিটার অংশে তৈরি হবে রেলপথ। শুরু হবে রেললাইন পাতার কাজ। যার ফলে স্বাভাবিকভাবেই বাড়বে ট্রেনের সংখ্যা। কমবে যাতায়াতের সময়।
যাত্রীদের সুবিধার্থে 976 কোটি টাকার প্রকল্পে অনুমোদন
ভারতীয় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে 976 কোটি টাকার প্রকল্পে অনুমোদন করা হয়েছে সেটা মূলত তিনটি ভাগে বিভক্ত। আর সেই তিনটি অংশই রয়েছে বিহারের মধ্যে। রেল জানিয়েছে, দানাপুর এবং পাটনার মধ্যে বসানো হবে তৃতীয় এবং চতুর্থ লাইন। মূলত রাজেন্দ্রগড় এবং পাটনা সাহিবের মধ্যে ও পাটনা সাহিব এবং ফতুহারের মধ্যে আরেকটি লাইন পাতার কাজ করবে রেল।
রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লি, দিনদয়াল উপাধ্যায়, পাটনা, ভাগলপুর ও হাওড়া রুটের মধ্যে যে চতুর্থ লাইন বসানোর পরিকল্পনা চলছে সেই প্রকল্পের অধীনেই রয়েছে রেলের তরফে অনুমোদিত প্রকল্পটি। রেল সূত্রে যা খবর, বিহারের দানাপুর থেকে ফতুহা শাখায় 29 কিলোমিটার অংশে রেললাইন বসলে অনেকটাই কমবে যানজট।
অবশ্যই পড়ুন: ক্ষতি হল ভারতের! শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়লেন বুমরাহ, জায়গা পেতে পারেন এই পেসার
কয়েকজন রেল আধিকারিক জানিয়েছেন, বিহারের ওই অংশে রেললাইন পাতা হলে রেলের বিশেষ প্রকল্পের আওতায় যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়বে। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর প্রথম বছরেই যাত্রীবাহী ট্রেনের সংখ্যা 22টি এবং পণ্যবাহী ট্রেন বাড়বে 18টি। এর ফলে যেমন যাত্রীদের কষ্ট কমবে তেমনই বাণিজ্যিক ক্ষেত্রও অনেকটা উন্নত হবে।










