অনন্যা সরকার, নয়া দিল্লি: যাত্রীদের আরও আরামদায়ক অভিজ্ঞতা ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেন থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে চিরাচরিত প্যান্ট্রি কার (Pantry Car)। সেই জায়গায় আসতে চলেছে অত্যাধুনিক এলএইচবি ইওজি ‘হট বুফে কোচ’(Hot Buffet Coach)। এই কোচ থেকে সরাসরি যাত্রীদের সুস্বাদু ও গরম খাবার পরিবেশন করা হবে। প্রথম পর্যায়ে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) সহ একাধিক এক্সপ্রেস ও প্রিমিয়াম ট্রেনে এই ব্যবস্থা চালু করা হবে।
কেমন হতে চলেছে এই ‘হট বুফে কোচ’?
সূত্রের খবর, রেলের খাবারের মান উন্নয়ন ও পরিবেশনের ধরন উন্নত করতে একটি ১৬০ কিলোমিটার গতির হট বুফে কোচ চালু করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। এই অত্যাধুনিক কোচগুলি ভবিষ্যতে দ্রুতগতির রেল পরিষেবার অঙ্গ হতে চলেছে। তবে এটি যাত্রীবাহী কোচ হবে না খাবার তৈরি, গরম রাখা এবং পরিবেশনের জন্য এই পরিষেবা কোচগুলি ব্যবহার করা হবে।
ফিয়াট বগির উপর তৈরি এলএইচবি ইওজি কোচগুলির সর্বোচ্চ অ্যাক্সেল লোড ১৬০ কিলো নিউটন। অর্থাৎ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে সক্ষম এই আধুনিক কোচ। বর্তমানে রেলে থাকা প্যান্ট্রি কারগুলির বদলে আরও দক্ষতার সাথে এই কোচগুলিতে খাবার প্রস্তুতি বা গরম রাখার মতো কাজগুলি করা সম্ভব হবে। দূর পাল্লার যাত্রীরা প্রায়শই ট্রেনের খাবার নিয়ে অসন্তুষ্ট থাকেন। ঠান্ডা বা নষ্ট হয়ে যাওয়া খাবার পরিবেশন করা নিয়ে অভিযোগ করা হয়। আশা করা হচ্ছে নতুন কোচের সংযোজন এই অভিযোগগুলিকে অনেকটাই কমাতে পারবে।
আরও পড়ুনঃ টিকিট কাটার অভিজ্ঞতাই বদলে যাবে যাত্রীদের! আসছে IRCTC-র নতুন ওয়েবসাইট
শোনা যাচ্ছে, প্রথমে বন্দে ভারত এক্সপ্রেস এবং অন্যান্য প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনে এই হট বুফে কোচ চালু করার পরিকল্পনা করছে রেল। তারপর ধাপে ধাপে বিভিন্ন রুটে এই পরিষেবা চালু করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে কোন রুটগুলিতে হট বুফে কোচ চালানো শুরু হবে, তা এখনও জানা যায়নি।










