বিক্রম ব্যানার্জী, কলকাতা: হরমুজ প্রণালী (Strait of Hormuz) পেরোতে যাওয়ায় ভারতের পতাকা লাগানো জাহাজে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরানের সেনা (Iran। এমন অভিযোগ ওঠা মাত্রই চারিদিকে কার্যত হই হই পড়ে গিয়েছিল। ঠিক সেই পর্বে এবার কার্যত সরাসরি হুমকি দিয়ে বসলেন ইরানের বর্তমান সুপ্রিম লিডার তথা আয়াতুল্লাহ আলি খামেনি পুত্র মোজতবা খামেনি। ভারতের দুই জাহাজে হামলা চালানোর পরপরই একেবারে কড়া স্বরে ইরানের সর্বোচ্চ নেতা বললেন, এবার থেকে শত্রুদের ওপর বিদ্যুৎ গতিতে হামলা হবে!
ভারতের জাহাজে হামলা চালিয়ে হুঙ্কার দিচ্ছে ইরান!
রয়টার্স-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার ইরানের তরফে ফের হরমুজ বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক এই জলপথ বন্ধ করেই তেহরান দাবি করে, প্রতিশ্রুতি পালনে ব্যর্থ আমেরিকা। হরমুজ প্রণালী খুলে দেওয়া সত্ত্বেও ওয়াশিংটন ডিসি এই জলপথে অবরোধ চালিয়ে যাচ্ছে। একই সাথে ইরানের তরফে খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই জলপথ দিয়ে ইরানের সমস্ত জাহাজ অবাধে চলাচল করতে পারছে এবং এই গোটা বিষয়টি আমেরিকা নিশ্চিত করছে ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধ থাকবে।
এরই মাঝে এদিন ইরাক থেকে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে ফিরছিল ভারতের পতাকাবাহী দুই জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। এদিন হরমুজ প্রণালী পেরোতে গিয়েই আচমকা হামলার মুখে পড়ে জাহাজ দুটি। অভিযোগ, ইরানি সেনার তরফে ভারতের পতাকা লাগানো জাহাজে হামলা চালানো হয়েছে। সেই খবর ইতিমধ্যেই নিশ্চিত করেছে ভারত সরকার। কয়েকটি সূত্র মারফত খবর, উত্তর ওমান উপকূলের কাছাকাছি ওই দুই জাহাজের উপর অতর্কিত হামলা হয়। যদিও এই হামলায় জাগ অর্ণব ক্ষতিগ্রস্ত হলেও অন্য একটি জাহাজ বেঁচে গিয়েছে।
অবশ্যই পড়ুন: দাম বাড়তে পারে অনেকটাই, ১টা কিনলে আরেকটা স্টক সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এই সংস্থা
জানা যায়, ভারতের যে দুটি জাহাজে হামলা হয়েছে সেগুলিতে 20 লক্ষ ব্যারেল করে তেল ছিল। যদিও সেই সব জ্বালানির বিশেষ ক্ষতি হয়নি। এরই মাঝে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এদিন ইরানের সেনা দিবস উপলক্ষে ইরানি সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করে একেবারে কড়া ভাষায় বলেন, “ইরানের সেনা শত্রুদের পরাজয় শিকার করাতে পুরোপুরি তৈরি। শত্রুদের উপর বিদ্যুৎ গতিতে হামলা হবে!” ভারতের জাহাজে হামলার পর ইরানের সুপ্রিম লিডারের এমন বক্তব্য নিঃসন্দেহে বিতর্কের জন্ম দিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না!










