“যাঁরা মনে করেন ভারত থেকে মুসলিমদের তাড়াবেন তাঁরা হিন্দুই নন” বিরাট মন্তব্য মোহন ভাগবতের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দু (Hindus), মুসলিম, শিখ, খ্রিষ্টান সব সম্প্রদায় নিয়েই ভারত (India)। এবার সেই সুরই শোনা গেল RSS প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) গলায়। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মানবতার বার্তা দিলেন মোহন ভাগবত। তিনি খুব স্পষ্ট করে জানালেন, “মানুষে মানুষে কোনও বিভেদ নেই। প্রত্যেকের নিজস্ব আত্মমর্যাদা রয়েছে। যাঁরা মনে করেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা আদতে হিন্দুই নন।” মার্কিন মুলুকে দাঁড়িয়ে RSS প্রধানের এমন বার্তায় মুগ্ধ অনেকেই।

ঠিক কী জানালেন মোহন ভাগবত?

সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন RSS প্রধান মোহন ভাগবত। শনিবার, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যারে অনুষ্ঠিত এক বিশ্ব এক মানবতা নামক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে একাধিক প্রসঙ্গ তোলেন RSS প্রধান। হাজার হাজার শ্রোতাদের সামনে ভাষণ দেওয়ার সময় মোহন ভাগবত প্রথমেই বলেন, “প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে। রয়েছে আলাদা উপাসনা পদ্ধতি। তবে পার্থক্য থাকলেও এর পেছনে থাকা মূল সত্যটা এক। সেখান থেকেই মানবতার জন্ম।”

এদিন ভারতে হিন্দু, মুসলিমের বিভেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে RSS প্রধান খুব পরিষ্কারভাবে জানান, “ভারত থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হিন্দুত্ব হতে পারে না। ধর্মাচরণের পদ্ধতি আলাদা হতে পারে। মানবতা এক। গোটা বিশ্বে একাধিক ধর্ম রয়েছে। প্রত্যেকটা ধর্মের নিয়ম-কানুন উপাসনা পদ্ধতি আলাদা আলাদা। ধর্ম পালন করতে গেলে নির্দিষ্ট সেইসব নিয়ম মানতেই হয়। কিন্তু অন্যের ধর্মকে অসম্মান করা, অন্যের ধর্মের অস্তিত্ব অস্বীকার করা হিন্দুত্ব নয়।”

আরও পড়ুন: ‘খরগোশ’-এর গুলিতে কেঁপে উঠল কলকাতা, আহত ১

অনুষ্ঠানের মাঝেই মোহন ভাগবতকে প্রশ্ন করা হয়, RSS তো হিন্দুদের কথা বলে। হিন্দু রাষ্ট্র গড়ে তোলার কথা বলে! তাহলে ভারতে মুসলিমদের কী হবে? তাঁরা কোথায় যাবেন? উত্তরে মোহন ভাগবত জানান, “যাঁরা সত্যিই নিজেদের হিন্দু বলে মনে করেন তাঁরা বিশ্বাস করেন মানুষের মধ্যে কোনও বিভেদ নেই। সবাই এক। যেসব হিন্দুরা ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়ার কথা ভাবে, তাঁরা আসলে হিন্দুই নন।”