সৌভিক মুখার্জী, কলকাতা: বহু আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (LPG e-KYC) করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত ছিল ডেডলাইন। সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, যারা ই-কেওয়াইসি করবেন না, তাদের বেশি মূল্যে গ্যাস কিনতে হবে এবং ভর্তুকি থেকে বঞ্চিত হবেন। তবে তা সত্ত্বেও এখনও পর্যন্ত অনেকে এই কাজ করে উঠতে পারেননি। আসলে অনেক সময় সার্ভার ডাউন, অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর কারণে এই সহজ কাজটি করতে পারেননি বহু গ্রাহক। এবার তাদের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা সরকারের।
ব্লক হয়ে যেতে পারে রান্নার গ্যাসের অ্যাকাউন্ট
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে আজ একটি নির্দেশিকা জারি করা হয়েছে। প্রত্যেকটি তেল সংস্থাকে সেই চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, যদি কোনও গ্রাহক এখনও পর্যন্ত বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন না করেন তাহলে তাদের গ্যাস সিলিন্ডার বুকিং অ্যাকাউন্ট ব্লক থাকবে। ই-কেওয়াইসি না করলে এবার থেকে আর মিলবে না ভর্তুকি ছাড়া বাজারদরে রান্নার গ্যাস। এমনকি নতুন করে তেল সংস্থাগুলোকে ফের ই-কেওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি সেই গ্রাহক আধার অথেন্টিকেশন করেন তাহলে তিনি ৯৬৮ টাকায় রান্নার গ্যাস পাবেন।
এ বিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি মোহিত কুমার আগারওয়াল তেল সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে জানিয়েছেন, রিফিল বুকিং করার প্ল্যাটফর্মে একটি অপশন রাখতে হবে। অনলাইন পোর্টাল, মোবাইল অ্যাপে ওই অপশনে ক্লিক করে যারা এখনও ই-কেওয়াইসি করেননি বা করাতে ইচ্ছুক নন, তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে রেগুলেটেড রিটেইল সিলিং প্রাইসে সিলিন্ডার না নিয়ে ভর্তুকি ছাড়াই এবার বাজার দরে সিলিন্ডার নিতে হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ফসল বীমা নিয়ে বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী
আসলে বর্তমানে দেশে ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১৬৯৫ টাকা। তবে এখন কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয় ৭২৭ টাকা ভর্তুকি, যার ফলে তা মেলে মাত্র ৯৬৮ টাকায়। তবে যদি ই-কেওয়াইসি না করা হয়, তাহলে সেই ১৬৯৫ টাকা দিয়েই এবার থেকে গ্যাস নিতে হবে গ্রাহকদের। এমনকি সবচেয়ে বড় ব্যাপার, গোটা দেশের এখনও ৩.১৬ কোটি গ্রাহক ই-কেওয়াইসি করাননি। আগামী ১৫ দিনের মধ্যেই প্রত্যেকটি তেল বিপণনকারী সংস্থাগুলিকে এ বিষয়ে মন্ত্রককে অফিশিয়ালভাবে রিপোর্ট জানাতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে।










