আনিষা চৌধুরী, কলকাতা: ওল্ড মঙ্ক (Old Monk) নামটি ‘রাম’ হিসেবেই দর্শকদের মনে প্রতিষ্ঠিত। কিন্তু জনপ্রিয় এই ব্র্যান্ডের একটি ভ্যারিয়েন্টকে ঘিরে এবার তৈরি হয়েছে আইনি জটিলতা। বম্বে হাইকোর্টে ‘ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI) জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি বিষয় না মানলে কোনও পানীয়কে সরাসরি ‘রাম’ হিসেবে বাজারজাত করা যাবে না। অভিযোগের কেন্দ্রে রয়েছে পানীয়টির গঠন প্রক্রিয়া এবং তাতে ব্যবহৃত স্পিরিট ও কৃত্রিম ফ্লেভার। ফলস্বরূপ, পানীয়টির দীর্ঘদিনের পরিচিত নাম বদলাতে হবে, তার সঙ্গে বোতলের লেবেলে সবটা পরিষ্কারভাবে জানাতে হবে।
কী নিয়ে আপত্তি FSSAI-এর?
এই সংস্থার বক্তব্য, রামের নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয় নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিপক্ব করা স্পিরিট থেকে। কিন্তু এই পানীয়টিতে নিউট্রাল বা অপরিপক্ব স্পিরিটের সঙ্গে কৃত্রিম স্বাদ ও গন্ধ মেশানোর অভিযোগ উঠেছে। FSSAI-এর মতে, এই ধরনের মিশ্রণকে সরাসরি ‘রাম’ বলা ঠিক নয়। তাই বোতলের লেবেলে পানীয়টি ঠিক কি ধরনের বস্তু সেটা স্পষ্ট করে জানাতে হবে। অর্থাৎ এটি প্রকৃত রাম নয় বরং ‘রাম ফ্লেভারের স্পিরিট’, এই বিষয়টা পরিষ্কার করে উল্লেখ করার নির্দেশ দিয়েছে আদালত।
‘৭ বছরের পুরনো’ দাবিতেও উঠছে প্রশ্ন!
মামলার শুনানিতে ‘ওল্ড মঙ্ক XXX রাম’ এর একটি নির্দিষ্ট ভ্যারিয়্যান্টের বোতলের লেবেল নিয়েও আপত্তি জানানো হয়। সেখানে ‘সাত বছরের পুরনো ব্লেন্ডেড’ উল্লেখ থাকলেও FSSAI-এর দাবি, মিশ্রণে আসল পরিপক্ব রামের পরিমাণ ছিল ৫ শতাংশেরও কম। বাকি অংশে ছিল নিউট্রাল স্পিরিট। নিয়ম হচ্ছে কোনও মিশ্রিত পানীয়র বয়স বের করার ক্ষেত্রে তাতে ব্যবহৃত সবচেয়ে কম বয়সি স্পিরিটকেই চিহ্নিত করা। সেই নিয়ম এখানে গ্রাহ্যই করা হয়নি।
আরও পড়ুন: কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে পিএম কিষাণের ২৪ তম কিস্তির ৪০০০ টাকা? জানুন আসল সত্যি
শুধু ওল্ড মঙ্ক নয়, নজরে আরও ব্র্যান্ড!
কৃত্রিম স্বাদ ও গন্ধ ব্যবহার করে রাম বা হুইস্কি বাজারজাত করার অভিযোগে আরও কয়েকটি ব্র্যান্ড FSSAI-এর নজরে এসেছে। এদিকে আদালতে বিষয়টি ওঠার পর প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই সংশোধিত লেবেল জমা দিয়েছে বলে জানা গিয়েছে। সেই নতুন লেবেলে পানীয়টির উপাদান ও পরিচয় কীভাবে উল্লেখ করা হয়েছে, তা খতিয়ে দেখার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে FSSAI।









