অনন্যা সরকার, কলকাতা: রেশনের ব্যবস্থায় দুর্নীতি, কালোবাজারি ও ভুয়ো কার্ড বাতিল করার জন্য ভারত সরকার প্রতিটি উপভোক্তার জন্য ই-কেওয়সি (Ration e-KYC) প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে। এই প্রক্রিয়া রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের তথ্য ডিজিটাল পদ্ধতিতে মিলিয়ে সুবিধাভোগীর প্রকৃত পরিচয় যাচাই করা হয়। উপভোক্তার আঙুলের ছাপ বা চোখের মণির (Iris) স্ক্যান মিললে তবেই সম্পন্ন হয় ই-কেওয়াইসি প্রক্রিয়া। তবে এক্ষেত্রে অনেক উপভোক্তা, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান না মেলায় সমস্যায় পড়েছেন। তাই এখন অনেকের মনেই এই প্রশ্নটি জেগেছে যে, এই তথ্যগুলি যদি না মেলে তাহলে কি বন্ধ হয়ে যাবে রেশনের সুবিধা?
আঙুলের ছাপ ও চোখের মণি না মেলায় হচ্ছে না ই-কেওয়াইসি?
বয়সজনিত কারণ, কায়িক শ্রম ও আরও কিছু কারণে বায়োমেট্রিক না মেলার সমস্যাটি প্রায়ই দেখা যায়। তাই উপভোক্তাদের সুবিধার্থে সরকার বেশ কিছু বিকল্প ব্যবস্থা চালু করেছে। আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান – উভয় পদ্ধতিই যদি ব্যর্থ হয়, তাহলে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে রয়েছে উপায়।
বায়োমেট্রিক না মিললে করুন এই কাজ
পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড় বা সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনও উপভোক্তার বায়োমেট্রিক একেবারেই না মেলে, তবে পরিবারের অন্য কোনো সদস্য বা নির্দিষ্ট কোনও ব্যক্তিকে রেশন সংগ্রহের জন্য ‘মনোনীত ব্যক্তি’ (Nominee) হিসেবে নিযুক্ত করার আবেদন করা যায়। নমিনির মাধ্যমে রেশন সংগ্রহ করতে পারেন ওই ব্যক্তি। কিন্তু মনে রাখবেন, এটি একটি অস্থায়ী উপায়।
আরও পড়ুন: ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ল আড়াই গুন, কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের
স্থায়ী সমাধানের জন্য নিকটস্থ আধার সেবা কেন্দ্রে যেতে হবে। দীর্ঘ সময় ধরে বায়োমেট্রিকের তথ্য আপডেট না করা হলে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান না মেলার সমস্যা দেখা দিতে পারে। তাই আধার সেবা কেন্দ্রে গিয়ে নামমাত্র মূল্যে পুনরায় আঙ্গুলের ছাপ ও চোখের মণির স্ক্যান করে তথ্য আপডেট করাতে হবে। একবার আধার সিস্টেমে তথ্য আপডেট হয়ে গেলে সহজেই রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করা সম্ভব হবে।










