CJP-কে আটকাতে যন্তর মন্তরে যাচ্ছেন কুস্তিগীররা? লাঠি হাতে ‘রেডি’ থাকার আহ্বান রিঙ্কুর

Published:

Cjp Protest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। অনেক আগেই ময়দানে নেমে পড়েছে ককরোচ জনতা পার্টি (CJP Protest)। মুম্বইয়ের শিবাজী পার্ক থেকে শুরু করে বেঙ্গালুরু, একের পর এক বিক্ষোভ কর্মসূচি চলছে আরশোলাদের। আগামী 10 অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় আকার নেবে আন্দোলন। ইতিমধ্যেই ওই বিক্ষোভ কর্মসূচিতে গোটা দেশের যুব সমাজকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন অভিজিৎরা। এমতাবস্থায়, ককরোচদের আটকাতে এবার দেশের কুস্তিগীরদের উদ্দেশ্যে দিল্লি চলোর ডাক দিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিঙ্কু যাদব।

ককরোচদের উপর হামলার ছক?

বৃহস্পতিবার, পূর্ব নির্ধারিত সময়ে বেঙ্গালুরুতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে আরশোলারা। সেই বিক্ষোভে অংশ নিয়েছেন সুদূর জার্মানি থেকে আগত ভারতীয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিও। ইতিমধ্যেই ভিডিও বার্তায় তিনিও সকলকে গণতন্ত্র বাঁচানোর দাবিতে 10 অক্টোবর যন্তর মন্তরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। এবার তা নিয়েই আরশোলাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিঙ্কু।

এক ভিডিও বার্তায় দেশের কুস্তিগীর, জিম ট্রেনার থেকে শুরু করে জিম লাভারদের শনিবার অবশ্যই যন্তর মন্তরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন রিঙ্কু। তাও আবার লাঠি হাতে। ওই ভিডিও বার্তায় রিঙ্কু ওরফে কুমুদ রাও একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন, “উত্তর প্রদেশ, হরিয়ানা এবং দিল্লির যত কুস্তিগীর ও জিম করা ব্যক্তিরা রয়েছেন প্রত্যেকের কাছেই একটা আবেদন করব, দেশ বাঁচানোর সময় এসে গেছে, দেশ ভক্তির সময় আগত। এটাই সময় নিজেকে ভগৎ সিং হিসেবে তুলে ধরার। বারবার সুযোগ আসবে না।”

এরপরই ককরোচ জনতা পার্টিকে নিশানা করে রিঙ্কু বলেন, “এই আরশোলারা দেশের পরিবেশ খারাপ করার চেষ্টা করছে। প্রথমে এরা পেপার লিকের বাহানা নিয়ে দিল্লিতে আন্দোলন করল, আতঙ্ক তৈরি করার চেষ্টা করল, এমনকি পার্লামেন্টে ঢোকার চেষ্টা করেছিল এরা। যদিও শেষ পর্যন্ত এরা ব্যর্থ হয়েছিল। এবার এরা ভোট চুরির বাহানা পেয়েছে। যেটা কিনা সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ ভুল তথ্য ছড়ানো হচ্ছে এসব বলে। সরকারকে ছোট করার জন্য এবং দেশে আতঙ্ক তৈরি করার জন্যই এসব করছে এরা।”

 

আরও পড়ুন: “আমার একটা রেপুটেশন আছে” কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন ওই ভিডিও বার্তায় একেবারে খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে রিঙ্কু বলেন, “সবাই আমার সাথে 10 অক্টোবর লাঠি নিয়ে যন্তর মন্তরে পৌঁছে যাবেন। এবার এদের গুঁড়িয়ে দেওয়ার কাজ করবো ভাই আমরা। আমি বিজেপির সাপোর্টার নই। যদি এরা কোনও দলের পক্ষ নিতো যেখানে অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল মমতা ব্যানার্জী আছে! তাহলে আমিও এদের পাশে দাঁড়াতাম। কিন্তু এরা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে প্রকাশদের সাথে হাত মিলিয়েছে। এরা সবাই দেশদ্রোহী! 10 তারিখ যন্তর মন্তরে পৌঁছে যাবেন মনে করে!” রিঙ্কু যাদবের এমন মন্তব্যের পর অনেকেই শনিবার যন্তর মন্তরে বড়সড় অশান্তির গন্ধ পাচ্ছেন।

google button