সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (Dhananjaya Y. Chandrachud) এবার একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করল রাশিয়া (Russia)। আন্তর্জাতিক সালিশি মামলায় রাশিয়ার প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন এই বিচারপতিকে। আসলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের জেরে তৈরি হওয়া একটি বড় বিনিয়োগ সংক্রান্ত বিরোধের শুনানি করছে যে আন্তর্জাতিক সালিশি ট্র্যাইবুনাল, সেখানেই রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
কোন মামলায় চন্দ্রচূড়কে দেওয়া হল এই দায়িত্ব?
বিভিন্ন সংবাদমাধ্যমের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মামলাটি করেছে, ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওশাদব্যাংক। ব্যাংকটির অভিযোগ, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর ইউক্রেনের একাধিক অঞ্চলে তাদের সম্পত্তি এবং ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তাদের দাবি মূলত ইউক্রেনের ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ইত্যাদি অঞ্চলে থাকা তাদের সম্পত্তি এবং ব্যাংকিং কার্যক্রম নিয়ে। তাদের বক্তব্য, রাশিয়ার সামরিক অভিযানের কারণে ওই এলাকাগুলোতে তাদের ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। যার ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
তবে এই ক্ষতিপূরণ আদায়ের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ সালিশি সংস্থার দ্বারস্থ হয়েছে এই ব্যাংক। মামলাটি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ১৯৯৮ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আওতায় আনা হয়েছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে, যুদ্ধের কারণে তাদের মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে প্রায় ৩৯৭ মিলিয়ন ডলার সরাসরি ক্ষতি হয়েছে বলেই দাবি ব্যাংকটির। বিশেষ করে সম্পত্তি, ব্যবসায়িক পরিকাঠামো এবং ওই অঞ্চলের ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াকেই এই ক্ষতির সবথেকে বড় কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে।
আরও পড়ুন: “৮০ শতাংশ কৃষিজমি ধ্বংস..” ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় শেষের শুরু হল পাকিস্তানের!
তবে এই মামলার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক সালিশি ট্রাইবুনালে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে মনোনীত করা হয়েছে। এমনকি প্রধান বিচারপতি হিসাবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকার কারণেই এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে হ্যাঁ, এই মামলায় তিনি রাশিয়ার মনোনীত শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী হিসেবেই দায়িত্ব পালন করবেন।










