টিকিট দেখাতে বললে নিজের পোশাক ছিঁড়ে নাটক মহিলার, ভিডিও বানিয়ে রক্ষা পেলেন TTE

Published:

Viral Video

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: সম্প্রতি দানাপুর থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনগামী একটি ট্রেনে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ট্রেনের এক মহিলা যাত্রী টিকিট দেখানোকে কেন্দ্র করে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন। জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ১২৭৯২ সেকেন্দ্রাবাদ সুপার-ফাস্ট এক্সপ্রেসে ওই মহিলা টিকিট ছাড়া ধরা পড়েন। কর্তব্যরত টিকিট পরীক্ষক (TTE) যখন তাকে টিকিট দেখাতে বলেন, তখন তিনি নিজের ভুল স্বীকার না করে হই-হট্টগোল শুরু করেন। নিজের রক্ষার স্বার্থে রেলের কর্মীরা এই সম্পূর্ন ঘটনাটির ভিডিও করেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)। মহিলার আচরণ নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। 

কর্মীরা ভিডিও বানিয়ে রক্ষা পেলেন

টিকিট চাইতেই মহিলাটি টিটিই-কে হুমকি দিয়ে তীব্র বাদানুবাদ শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এবং টিকিট-চেকিং কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা ও গুরুতর অভিযোগ তোলেন। তিনি ওই কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ও পুলিশ ডাকারও হুমকি দেন।

বিতর্ক চরম পর্যায়ে পৌঁছাতে দেখে মিথ্যা অভিযোগ থেকে নিজেদের রক্ষা করার জন্য, রেলকর্মীরা দেরি না করে তাদের মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও রেকর্ড করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা গেছে যে, মহিলাটি ট্রেনের একটি আসনে বসে ফোনে কথা বলছেন, আর রেলকর্মীদের সাথে ক্রমাগত তর্ক করছেন। 

আরও পড়ুন: বেলেঘাটা-আইটি সেন্টার রুটে প্রথমবার চলল পুশ ট্রলি, অরেঞ্জ লাইনে বড় মাইলফলক মেট্রোর

ভিডিওটির পরের অংশে মহিলাটিকে একটি স্টেশনের তদন্ত কক্ষের বাইরে মহিলা পুলিশ অফিসার এবং অন্যান্য রেলকর্মীদের সাথে তীব্র বাদানুবাদে লিপ্ত হতে দেখা গেছে। পুলিশ অফিসারদের উপস্থিতিতেও মহিলাটি সেখানে থাকা রেল কর্মচারীদের সাথে তর্ক চালিয়ে যান এবং নিজের ফোনে ঘটনার ভিডিও রেকর্ডিং করতে থাকেন। 

রেলকর্মীরা এই ভিডিও রেকর্ডিংটিকে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ বলে জানাচ্ছেন। তাদের মতে, ওই টিকিট পরীক্ষকদের যে এখানে কোনও দোষ ছিল না, তা ওই ভিডিওটিই প্রমাণ করে। রেলকর্মীরা এখন জিআরপি, আরপিএফ ও এক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন। টিকিট ছাড়া ভ্রমণ ও কর্তব্যরত রেল কর্মীদের হুমকি দেওয়া ও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করার জন্য ওই মহিলার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।