রিপাবলিকানদের হয়ে করা পোস্ট ডিলিট, ট্রাম্পের দল হারতেই বড় সিদ্ধান্ত মাস্কের!

Published:

Elon Musk

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডোনাল্ড ট্রাম্পের সাথে দূরত্ব বাড়াচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)? আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হতেই বেশ কিছু ঘটনা এমন প্রশ্ন সামনে আনছে। এমনিতেই ট্রাম্পের দল পরাজিত হওয়ায় এক দিনেই 6 হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে টেসলা কর্তার। সেই তিনিই এবার রিপাবলিকান প্রার্থীদের হয়ে কড়া প্রচারের পোস্ট ডিলিট করে দিলেন। নির্বাচনের দিন তাঁর করা ‘ভোট টু রেড ‘অর্থাৎ রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে করা পোস্টটি এই মুহূর্তে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ট্রাম্পের সাথে দূরত্ব বাড়াচ্ছেন মাস্ক?

ডোনাল্ড ট্রাম্পের বন্ধু মাস্কের ডিলিট করা পোস্টগুলির মধ্যে 29 অক্টোবরের একটি পোস্টও ছিল। যেখানে মার্কিন ভোটারদের রিপাবলিকান সেনেটরদের সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন তিনি। নির্বাচনী ফলাফল প্রকাশিত হতেই বুধবার সেই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুছে ফেলেন মার্কিন শিল্পপতি। মাস্ক হঠাৎ করে রিপাবলিকানদের হয়ে করা প্রচারের পোস্ট ডিলিট করে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে আমেরিকার রাজনৈতিক মহলে।

বলে রাখা প্রয়োজন, মাস্কের X পোস্ট মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করেছে তারই AI চ্যাটবট। X এ এক ব্যবহারকারী তাকে নির্বাচনী পোস্ট সরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে মাস্কের AI চ্যাটবট গ্রকও বিষয়টি নিশ্চিত করে। গ্রক জানিয়েছে, রিপাবলিকানদের বড় পরাজয়ের পরই ‘ভোট রেড টুডে!’ পোস্টটি মুছে দেওয়া হয়েছে। তবে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ইলন মাস্কের প্রতিক্রিয়া ছিল খানিকটা ব্যাঙ্গাত্মক।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থীরা ধরাশায়ী হতেই মাস্ক নিজের একটি পোস্টে জানিয়েছিলেন, এবার আর তাঁর ‘স্পেস লেজার’ কাজ করেনি। এমন মন্তব্যের পাশাপাশি এদিন মহাকাশের ডেটা সেন্টার তৈরির বিষয় নিয়েও মন্তব্য করেছিলেন আমেরিকার ধনুকুবের। পরে আবার নিজের প্রযুক্তি সংস্থা ও গ্রক-সংক্রান্ত বিষয়ে পোস্ট করতে দেখা যায় তাঁকে। সবমিলিয়ে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মাস্কের দূরত্ব বৃদ্ধি নিয়ে নানান প্রশ্ন উঠছে!

আরও পড়ুন: আটকানোর সাধ্য নেই শত্রুর! প্রলয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হল DRDO

প্রসঙ্গত, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জেতাতে প্রায় 474 মিলিয়ন ডলার খরচ করেছিলেন টেসলা কর্তা। ভারতীয় মুদ্রায় অঙ্কটা 4 হাজার 700 কোটি টাকা। এই খরচের প্রায় অর্ধেকটাই গিয়েছে টেক্সাস রাজ্যের প্রচারের পেছনে। কিন্তু এত বিপুল অর্থ বিনিয়োগ করা সত্ত্বেও ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সেনেট, দুই কক্ষেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আর সেই খবর প্রকাশিত হতেই বিপুল আর্থিক ক্ষতির ধাক্কায় কমেছে মাস্কের সম্পদ।

google button