আনিষা চৌধুরী, কলকাতা: প্রতিদিনের ব্যবহারে বাথরুমের টাইলস, নল, শাওয়ার কিংবা টয়লেটে সাদা দাগ জমে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিছুদিন পরপর পরিষ্কার না করলে এই দাগ তোলা (Cleaning Tips) বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। মূলত জলে থাকা বিভিন্ন খনিজের আস্তরণ থেকেই এই লাইমস্কেল তৈরি হয়। সময়মতো পরিষ্কার না করলে সেই দাগ ক্রমশ শক্ত হয়ে যায়। সাধারণত এই ধরনের দাগ তুলতে অনেকেই ভিনিগার বা বেকিং সোডা ব্যবহার করেন। তবে পুরনো জমাট দাগের ক্ষেত্রে এই উপায় সব সময় কার্যকরী হয় না। এই অবস্থায় সিট্রিক অ্যাসিড বেশ কার্যকর একটি বিকল্প হতে পারে।
এই একটি পদ্ধতিতেই চকচক করবে টয়লেট
টয়লেট বাউলে জমে থাকা লাইমস্কেল পরিষ্কার করতে প্রথমে ২-৩ চামচ সিট্রিক অ্যাসিড গরম জলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেই দ্রবণটি বাউলের ভিতরে ঢেলে কয়েক ঘণ্টা বা গোটা রাত রেখে দিতে হবে। পরদিন টয়লেট ব্রাশ দিয়ে দাগগুলো হালকা করে ঘষে ফ্লাশ করে দিলেই পরিষ্কার হয়ে যাবে। একইভাবে হলদেটে দাগের ক্ষেত্রেও ১ লিটার গরম জলে ২-৩ টেবিল চামচ সিট্রিক অ্যাসিড মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। দ্রবণটি দাগের উপর কিছুক্ষণ রেখে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।
আরও পড়ুনঃ ১৬ লাখের চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি দুই বোনের, একসাথে IAS অঙ্কিতা ও বৈশালী
কিভাবে উঠবে নল ও শাওয়ারের সাদা দাগ?
নল, শাওয়ার বা কাচের স্ক্রিনে হালকা সাদা দাগ পড়ে গেলে সরাসরি সেই দাগের উপর লেবু ব্যবহার করা যেতে পারে। একটি লেবু অর্ধেক কেটে সেটা দাগের জায়গায় ঘষে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর গরম জল দিয়ে জায়গাটি ভালোভাবে ধুয়ে নিলেই অনেকটা দাগ উঠে যাবে। নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি বাথরুমকে শুকনো রাখা এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকাও জরুরি। নল থেকে টপ টপ করে জল পড়ার সমস্যা থাকলে তাড়াতাড়ি সেটিকে ঠিক করতে হবে। তাহলে এই দাগ পড়ার সম্ভাবনা অনেকটাই কমবে।
আরও পড়ুন: কালীপূজা ২০২৬ কত তারিখে? দেখুন দীপাবলির দিনক্ষণ, সময়সূচি ও নিয়মকানুন
লাইমস্কেল একবার শক্ত হয়ে যাওয়ার পর পরিষ্কার করা বেশ কঠিন। তাই সপ্তাহে অন্তত একবার বাথরুম ভালোভাবে পরিষ্কার করা এবং ব্যবহারের পর নল বা কাচের গায়ে জমে থাকা জল মুছে ফেলা উচিত। সিট্রিক অ্যাসিড ব্যবহারের সময় অবশ্যই প্যাকেটের নির্দেশনা মেনে পরিমাণ ঠিক রাখতে হবে। এভাবে নিয়মিত যত্ন নিলে বাথরুমের টাইলস, নল ও টয়লেট অনেকদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।









