অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে সময়ে হেঁসেলে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় বাসনপত্রের মধ্যে নন-স্টিক কুকওয়্যারগুলি (Non-Stick Cookware) বহুল প্রচলিত। যে খাবারগুলি রান্নার পাত্রের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেগুলি নন স্টিকের বাসনে রান্না করা হয়। নন-স্টিক পাত্রের টেফলনের আবরণ খাবার আটকাতে দেয় না। নিত্যদিনের রান্নার কাজে যদি নন-স্টিক প্যান ব্যবহৃত হয়, তবে সেগুলোর যত্ন নেওয়াও খুব জরুরি। অজান্তে করা কিছু ভুলের কারণে নন-স্টিক প্যানের কোটিং দ্রুত উঠে যেতে পারে এবং পাত্রটি ব্যবহারের অযোগ্য হয়ে যেতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন কারণে নন-স্টিক বাসনের কোটিং ক্ষতিগ্রস্ত হতে পারে।
বেশি আঁচে নন-স্টিক গরম করা
বেশি আঁচে নন-স্টিক প্যান গরম করা ঠিক নয়, এতে এর কোটিং নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে, অনেকক্ষণ ধরে গ্যাসের ওপর খালি প্যান ফেলে রাখা একেবারেই উচিত নয়। নন-স্টিক প্যানে রান্না করার সময় কম বা মাঝারি আঁচ ব্যবহার করাই সবথেকে ভালো। প্যান প্রথমে গরম করার প্রয়োজন হলেও, খেয়াল রাখবেন যেন বেশি সময় ধরে ওভেনের ওপর খালি অবস্থায় না থাকে।
স্টিলের খুন্তির ব্যবহার
ভুল খুন্তি হাতার ব্যবহারে নন-স্টিক প্যানের কোটিং-এ আঁচড় পড়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। অনেকেই নন-স্টিক প্যানে খাবার নাড়াচাড়ার জন্য স্টিলের চামচ, কাঁটাচামচ বা স্টিলের খুন্তি ব্যবহার করেন। এর ফলে প্যানের উপরিভাগে ছোট ছোট স্ক্র্যাচ বা আঁচড় পড়ে এবং সময়ের সাথে সাথে টেফলনের আবরণটি নষ্ট হতে শুরু করে। তাই নন-স্টিক প্যানে রান্না করার সময় কাঠের, সিলিকনের কিংবা নাইলনের তৈরি খুন্তি ব্যবহার করা উচিত।
আরও পড়ুন: বর্ষায় বাড়ির উঠোন থেকে সহজেই শ্যাওলা দূর করার উপায়
প্যানে খাবার রেখে দেওয়া
নন-স্টিক প্যান রান্না করার জন্য ব্যবহার করা হয়, এতে দীর্ঘ সময়ের জন্য খাবার সংরক্ষণ করা ঠিক নয়। অনেকেই রান্না করা খাবার প্যানে রেখে দেন এবং পরে আবার তা গরম করে খান। বিশেষত, টক বা নোনতা খাবার দীর্ঘ সময়ের জন্য প্যানে রাখা একদমই ঠিক নয়। রান্না হয়ে গেলে সবসময় খাবারটি অন্য পাত্রে তুলে নিয়ে প্যান পরিষ্কার করে রাখতে হবে।
গরম প্যানে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ঢালা
রান্নার পর উত্তপ্ত প্যান ঠান্ডা জলের নীচে ধরার প্রবণতা থাকে অনেকের। এতে প্যানের আবরণের ক্ষতি হতে পারে। তাপমাত্রার আকস্মিক পরিবর্তন প্যানের উপরের অংশকে প্রভাবিত করে। তাই, রান্নার পর প্যান ধোয়ার আগে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার সময় দিতে হবে।
আরও পড়ুন: সহজেই বাছা যাবে ইলিশের কাঁটা, মাথায় রাখুন এই ঘরোয়া উপায়
প্যান পরিষ্কার করার সময় জোরে ঘষা
বাসন মাজার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই স্টিলের স্ক্রাবার বা খসখসে ছোবড়া ব্যবহার করা হয়। কিন্তু এই সমস্ত স্ক্রাবারগুলি দিয়ে জোরে ঘষে ঘষে নন-স্টিক পাত্র পরিষ্কার করা একদমই উচিত নয়। এতে প্যানের কোটিংয়ে প্রচুর আঁচড় পড়তে পারে। নন-স্টিক প্যান পরিষ্কার করার জন্য নরম স্পঞ্জ এবং মৃদু ডিশওয়াশিং লিকুইড ব্যবহার করতে হবে। যদি খাবার পুড়ে পাত্রে আটকে যায়, তাহলে তা তোলার জন্য ছুরি বা কোনও ধারালো বস্তু ব্যবহার করবেন না। সাবান জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কাজ হবে। এই সতর্কতাগুলি অবলম্বন করলে নন-স্টিক প্যান দীর্ঘদিন ধরে ভালো রাখা যায়।










