আয় হবে মোটা টাকা, ছাদের টবেই ফলান টমেটো, রইল সহজ পদ্ধতি

Published:

Grow tomato

আনিষা চৌধুরী, কলকাতা: বাজারে টমেটোর (Tomato) দাম বাড়লে রান্নাঘরের বাজেটে তার প্রভাব পড়তে বাধ্য। কারণ প্রায় প্রতিদিনের রান্নাতেই কোনও না কোনওভাবে টমেটো দরকার হয়। স্যুপ, সস, চাটনি, স্যালাড সবেতেই টমেটোর কোনও বিকল্প নেই। বর্ষাকালে বাজারে টমেটোর দাম বেড়ে যায়, আর সেই সময় অনেককেই এই সবজিটি কিনতে বেশ বেগ পেতে হয়। তবে চাইলে বাজারের উপর পুরোপুরি নির্ভর না করে বাড়ির বারান্দা বা ছাদেই টমেটো গাছ লাগানা যেতে পারে। এর জন্য কিন্তু বড় কোনও বাগান প্রয়োজন হয় না। সঠিক মাটি, উপযুক্ত পাত্র, পর্যাপ্ত আলো এবং নিয়মিত পরিচর্যা ব্যাস, এই কয়েকটা জিনিস থাকলেই অল্প জায়গায় টমেটো চাষ করা সম্ভব।

গাছ লাগানোর জন্য কেমন পাত্র ও মাটি প্রয়োজন?

বাড়িতে টমেটো চাষের জন্য গুরুত্বপূর্ণ একটি জিনিস হল টব বা পাত্র। প্রথমেই একটি মানানসই পাত্র বেছে নিতে হবে। এমন টব নেওয়া ভালো, যার মধ্যে গাছের শিকড় ছড়ানোর মতো যথেষ্ট জায়গা থাকে। খুব ছোট পাত্রে গাছ লাগালে বাড়তে গিয়ে সমস্যা হতে পারে। টবে এমন মাটি ব্যবহার করতে হবে যাতে জল জমে না থাকে এবং অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। এরপর ভালো মানের টমেটোর বীজ মাটিতে দিয়ে তার উপর পাতলা করে মাটি ছড়িয়ে জল দিতে হবে। কয়েকদিন পর বীজ থেকে চারা বেরোতে শুরু করবে। একটি টবে একটি গাছ রাখাই ভালো, এতে গাছটি নিজের মতো করে বেড়ে ওঠার জায়গা পাবে।

টমেটো গাছের বৃদ্ধির জন্য আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টব এমন জায়গায় রাখা উচিত যেখানে গাছ নিয়মিত পর্যাপ্ত সূর্যের আলো পায়। ভালোভাবে বেড়ে ওঠার জন্য প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা রোদ পাওয়া গাছটির পক্ষে অত্যন্ত উপকারী। পাশাপাশি গাছের মাটিতে প্রয়োজনীয় পুষ্টি থাকাও জরুরি। বাড়ির রান্নাঘরের জৈব বর্জ্য থেকে তৈরি উপযুক্ত কম্পোস্ট ব্যবহার করে মাটির পুষ্টি বাড়ানো যেতে পারে। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফল ধরলে ডালের উপরও চাপ পড়ে। তখন টবের পাশে একটি সরু কাঠি দিয়ে গাছের ডালগুলিকে হালকা করে বেঁধে বা ঠেস দিয়ে রাখা যেতে পারে। এতে গাছটির উপর ভার পড়বে না এবং সোজা হয়ে থাকতে পারবে।

আরও পড়ুন: ১০০০ থেকে ২০০০ টাকা, এই প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

কতদিনে টমেটো পাওয়া যাবে?

টমেটো গাছের নিয়মিত যত্ন নিলে সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে ফল আসতে শুরু করবে। প্রথমে গাছে ছোট সবুজ টমেটো দেখা যাবে। সময়ের সঙ্গে সেগুলি ধীরে ধীরে পাকবে এবং লাল রং ধারণ করবে। অর্থাৎ বাড়ির বারান্দা বা ছাদের সামান্য জায়গাকেও কাজে লাগিয়ে নিজের প্রয়োজনের টাটকা টমেটো ফলানো সম্ভব। নিয়মিত গাছের পরিচর্যা, পর্যাপ্ত আলো এবং উপযুক্ত পরিবেশ বজায় রাখলেই বাজার থেকে কেনার বদলে তরতাজা টাটকা টমেটো বাড়িতেই পাওয়া যাবে।

আরও Business Farming Tomato