আনিষা চৌধুরী, কলকাতা: বাড়িতে হঠাৎ করেই বেড়ে গিয়েছে ছুঁচো-ইঁদুরের (Mice) উৎপাত? কমবেশি প্রতিটি বাড়িতেই রান্নাঘর থেকে স্টোররুম, বাড়ির প্রতিটি অন্ধকার কোণ কিংবা আসবাবের পিছনে এই ছোট্ট প্রাণীগুলি নিজেদের আস্তানা তৈরি করে। প্রায়শই খাবারদাবার, জামা-কাপড়ে দাঁত বসিয়ে জিনিসপত্রের ক্ষতি করে। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে বিষ বা ইঁদুর মারার ওষুধ ব্যবহার করেন। কিন্তু বাড়িতে ছোট শিশু বা পোষ্য থাকলে এই ওষুধ ব্যবহার নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। ছুঁচো ইঁদুর না মেরও কিন্তু এই সমস্যা দূর করা যায়। মাত্র কয়েকটি উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করে নিন ১০০ শতাংশ কার্যকরী একটি স্প্রে।
তৈরি করুন সহজ ঘরোয়া মিশ্রণ
এই স্প্রে বানাতে প্রথমেই প্রয়োজন এক গ্লাস জল, বড় চামচের দুই চামচ ফিনাইল এবং এক চামচ ভিনেগার বা সিরকা। প্রথমে একটি পাত্রে জল নিয়ে তাতে ফিনাইল ও ভিনেগার মিশিয়ে নিতে হবে। উপকরণগুলি ভালোভাবে মেশানোর পর তরলটি একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। এরপর বাড়ির যে জায়গাগুলিতে ছুঁচো ইঁদুরের চলাফেরা বেশি, সেখানে এই মিশ্রণ ছিটিয়ে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। তীব্র গন্ধের কারণে ছুঁচো বা ইঁদুর কোনটাই আর ওই জায়গা গুলোতে টিকতে পারবে না।
কোথায় ব্যবহার করবেন এই স্প্রে
রান্নাঘরের সিঙ্কের নীচে, আলমারি বা ভারী আসবাবের পিছনে, স্টোররুম, ওয়াশিং এরিয়া এবং দরজা-জানালার আশপাশে এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। নালা বা ড্রেনের আশপাশেও স্প্রে করা যায়, কারণ এই ধরনের জায়গাগুলো দিয়েই ছুঁচো ইঁদুর বাড়িতে ঢুকে পড়ে। স্প্রে বোতল না থাকলে তুলোর ছোট বল তৈরি করে সেটিকে ওই মিশ্রণে ভিজিয়ে এই প্রাণীগুলির যাতায়াতের জায়গায় রেখে দিতে পারেন। টানা দুই থেকে তিন দিন এই পদ্ধতি ব্যবহার করে দেখা যেতে পারে। পাশাপাশি ছুঁচো বা ইঁদুরের আনাগোনা বাড়লে খাবার সব সময় ঢাকা দিয়ে রাখুন এবং এঁটো বাসন অনেকক্ষণ একেবারেই ফেলে রাখবেন না।
আরও পড়ুন: আয় হবে মোটা টাকা, ছাদের টবেই ফলান টমেটো, রইল সহজ পদ্ধতি
ফিনাইল ও ভিনেগারের তীব্র গন্ধ ছুঁচো-ইঁদুরকে দূরে রাখতে সাহায্য করে। তবে এই মিশ্রণ ব্যবহার করার সময় চোখে যাতে না লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই শিশুদের নাগালের বাইরে স্প্রে বা মিশ্রণটি রাখতে হবে। কয়েকদিন এই পদ্ধতি ব্যবহার করে দেখুন। ধীরে ধীরে এই প্রাণীগুলি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কষ্ট করে বিষ প্রয়োগ করে মারার প্রয়োজন পড়বে না।










