অনন্যা সরকার, কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বেজে উঠবে ঢাকের বাদ্যি। চারিদিকে পুজোর প্রস্তুতি তুঙ্গে। পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের কাজ। বাজারগুলোতেও উপচে পড়া ভিড়। পুজোয় পরার জন্য সবাই বেছে নিচ্ছেন সেরা পোশাকটা। তবে পুজোতে তো শুধু নিজে সাজলেই হয় না, তারসাথে সেজে ওঠে আমাদের বাড়িঘরও। কিন্তু রোজকার ব্যস্ততায় ঘর পরিষ্কার করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। চিন্তা নেই, কারণ দুর্গাপুজোর আগে ঘরকে ঝকঝকে করে তুলতে (House Cleaning Tips) খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। ঘরোয়া কিছু উপাদান ও সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে মাত্র তিনটি সহজ উপায়ে ঘর পরিষ্কার রাখতে এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ করে তুলতে পারবেন আপনিও। চলুন তাহলে এগুলো দেখে নেওয়া যাক।
১. অপ্রয়োজনীয় ও ভাঙা জিনিস সরিয়ে ফেলা
বিশ্বাস করা হয় যে, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল স্থানেই দেবী লক্ষ্মী বাস করেন, তাই দুর্গাপুজোর আগে ভাঙা আসবাবপত্র, বাসন, শো-পিস, ভাঙা মূর্তি, পুরনো জামাকাপড় ও মরে যাওয়া গাছপালা ঘর থেকে সরিয়ে ফেলুন। এতে ঘর আরও পরিষ্কার দেখাবে এবং ডিপ ক্লিনিং-এও সাহায্য করবে। বছরের পর বছর ধরে ব্যবহার করা হয়নি এমন জিনিস দান করে বা ফেলে দিয়ে ঘরকে পরিচ্ছন্ন ও পরিপাটি করে তুলুন।
২. ঘরোয়া উপাদান দিয়েই করুন পরিষ্কার
দামি বাণিজ্যিক ক্লিনারের তীব্র রাসায়নিক গন্ধ বা অ্যালার্জির ঝুঁকি এড়িয়ে জেদি দাগ দ্রুত দূর করতে ঘরে তৈরি পরিষ্কারকগুলি দারুণ কাজ করে। একটি স্প্রে বোতলে সমপরিমাণ জল ও সাদা ভিনেগার মিশিয়ে নিন এই মিশ্রণ দিয়ে আয়না, জানালার কাঁচ বা কাঁচের খাবার টেবিল মুছলে সেগুলো মুহূর্তেই চকচকে হয়ে ওঠে। কোনো জেদি দাগের ক্ষেত্রে বেকিং সোডা ও জলের মিশ্রণে তৈরি পেস্ট লাগিয়ে ১০ মিনিট রেখে দিন, এরপর লেবুর রস দিয়ে হালকা ঘষলেই তেলচিটে ভাব বা জলের দাগ সহজেই দূর হয়ে যাবে।
৩. টপ-টু-বটম ক্লিনিং পদ্ধতি মেনে চলুন
পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটি কার্যকরী প্রক্রিয়া হল টপ-টু-বটম ক্লিনিং (Top-to-Bottom Cleaning)। এই পদ্ধতিতে প্রথমে সিলিং ফ্যান, ঝাড়বাতি ও দেওয়াল থেকে ধুলো ঝেড়ে ফেলতে হয়, এরপর জানালার গ্রিল, কাঁচের পাল্লা ও দরজার ওপরের অংশ মুছতে হয়। সবশেষে আসবাবপত্র ও মেঝে পরিষ্কার করতে হয়। তারপর পর্দা, সোফার কভার ও বিছানার চাদর বদলে ফেলুন। এছাড়া, হেঁসেল পরিচ্ছন্ন রাখার জন্য সাবান-জল বা বেকিং সোডা ব্যবহার করে রান্নাঘরের ক্যাবিনেট, মশলা রাখার কৌটো ও রেফ্রিজারেটরের ভেতরটা পরিষ্কার করে নিন।










