চোখের দেখাতেই চিনে নিন টাটকা দেশি খাসির মাংস, রইল সহজ ৫ উপায়

Published:

Mutton

আনিষা চৌধুরী, কলকাতা: রবিবারে জমিয়ে মটন (Mutton) কষা হোক বা হালকা-পাতলা খাসির ঝোল, ভালো মাংস না হলে রান্নার স্বাদটাই মাটি হয়ে যেতে পারে। বিশেষ করে যাঁরা নিয়মিত বাজার করেন না, তাঁদের পক্ষে দোকানে গিয়ে দেশি, টাটকা ও কচি খাসির মাংস বেছে নেওয়া বেশ কঠিন। দেখতে ভালো লাগলেই যে মাংসটি তাজা হবে, এমনটা কিন্তু নয়। তাই খাসির মাংস কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। সামান্য সতর্ক হলেই সহজেই বুঝতে পারবেন, কোন মাংসটি একেবারে তাজা আর কোনটি বাসি।

মাংসের রং ও গন্ধে নজর দিন

প্রথমেই মাংসের রং ভালো করে দেখে নিন। তাজা খাসির মাংস সাধারণত উজ্জ্বল লালচে দেখায় এবং তার মধ্যে স্বাভাবিক আর্দ্রতাও থাকে। মাংস যদি বিবর্ণ, কালচে ধূসর কিংবা বেশ শুকনো মনে হয়, তাহলে সেটি না কেনাই ভালো। পাশাপাশি মাংসের গন্ধও গুরুত্বপূর্ণ। স্বাভাবিক হালকা গন্ধ থাকলে সমস্যা নেই। কিন্তু তীব্র বা অস্বাভাবিক, অ্যামোনিয়ার মতো গন্ধ পেলে সেই মাংস থেকে দূরে থাকুন। কারণ এই ধরনের মাংস আপনার শরীরের ক্ষতি করতে পারে।

মাংস কেনার আগে খুব হালকা করে আঙুল দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন। চাপ সরিয়ে নেওয়ার পর মাংস যদি দ্রুত আগের অবস্থায় ফিরে আসে, তাহলে সেটি তুলনায় তাজা হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে চাপ দেওয়ার জায়গায় দাগ থেকে গেলে বা মাংস অস্বাভাবিক নরম ও ঢিলে মনে হলে সেটি এড়িয়ে চলাই ভালো। কচি পাঁঠার মাংস কিনতে চাইলে এর হাড়ের দিকটি ভালো করে খেয়াল করুন। তুলনায় ছোট ও গোল ধরনের হাড় থাকলে মাংস সাধারণত নরম হওয়ার সম্ভাবনা থাকে। তাই বড় ও মোটা হাড়ের অংশের বদলে ছোট হাড়যুক্ত অংশ বেছে নিতে পারেন।

আরও পড়ুন: রুপির দরপতন, অন্নপূর্ণা যোজনায় নাম বাতিল…! আজকের সেরা ১০ খবর (৮ সেপ্টেম্বর)

সবশেষে খুব গুরুত্বপূর্ণ হলো চর্বির রং। মাংসর সঙ্গে থাকা চর্বির রং দেখে তারপর কিনুন। সাদা বা হালকা ক্রিম রঙের চর্বি থাকলে সেই মাংস বেছে নেওয়া যেতে পারে। চর্বি যদি বেশ হলদেটে দেখায়, তাহলে পাঁঠাটির বয়স তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর বাজারে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো অংশ পাওয়ার সুযোগও বাড়ে। তাই রং, গন্ধ, স্পর্শ, হাড় এবং চর্বি, এই পাঁচটি বিষয় মাথায় রেখে মাংস বাছলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে আর জমে যাবে দুপুরের ভুঁড়িভোজ।