নিমেষে উধাও হবে পিরিয়ডের ব্যাথা, বাড়িতেই বানান এই লিকুইড, রইল প্রসেস

Published:

Menstrual hygiene health

আনিষা চৌধুরী, কলকাতা: পিরিয়ড (Period) শুরু হলে তলপেটে মোচড় দেওয়া ব্যথা, কোমরে টান লাগা, পেট ফাঁপা কিংবা বমি বমি ভাব ইত্যাদি বিষয়গুলি কমবেশি প্রত্যেকটি মেয়েকেই সহ্য করতে হয়। এই ব্যথার অন্যতম কারণ হচ্ছে জরায়ুর পেশির সংকোচন। কারও ক্ষেত্রে এই যন্ত্রণা এতটাই বেশি কষ্টকর হয়ে পড়ে যে স্বাভাবিক কাজকর্মেও সমস্যা হয়। এমন সময়ে ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া সহজ উপায় সাময়িক আরাম দিতে পারে। তার মধ্যে সবথেকে উপযোগী হল এই পানীয়।

কী কী উপকরণ লাগবে?

এই পানীয় বানাতে লাগবে ২ কাপ জল, ১ টেবিল চামচ হালকা থেঁতো করা আখরোট, আধা চা চামচ আদার গুঁড়ো এবং ১ টেবিল চামচ গুড়। প্রথমে জল ফুটিয়ে তাতে আখরোট ও আদার গুঁড়ো দিয়ে কম আঁচে ৫-৭ মিনিট রেখে দিন। এরপর আঁচ বন্ধ করে গুড় মিশিয়ে নিন। গুড় গলে গেলে পানীয়টি ছেঁকে উষ্ণ অবস্থায় খেতে পারেন।

আখরোট-আদার এই মিশ্রণ কীভাবে কাজ করে?

আখরোটে ম্যাগনেশিয়াম-সহ বিভিন্ন পুষ্টি উপাদান এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। আদা দীর্ঘদিন ধরেই হজমের অস্বস্তি ও বমি বমি ভাবের মতো সমস্যা ঠিক করতে উপযোগী একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঋতুস্রাবের ব্যথায় এই পানীয় খেলে বমি বমি ভাব সহ শারীরিক অস্বস্তি কিছুটা কম হতে পারে।

পিরিয়ডের ক্র্যাম্পে তলপেট বা কোমরে হট ওয়াটার ব্যাগ কিংবা হিটিং প্যাড ব্যবহার করা যেতে পারে। হালকা হাঁটাচলা বা স্ট্রেচিংও কিছু মানুষের ক্ষেত্রে উপকারী হতে পারে। এই অবস্থায় বিশ্রাম খুবই প্রয়োজন। এছাড়া বেশি পরিমাণে জল খেয়ে শরীরকে আর্দ্র রাখাও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ছোটাছুটির দিন শেষ, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার নয়া নিয়ম সরকারের

তবে ঘরোয়া উপায়কে চিকিৎসার বিকল্প হিসেবে দেখা ঠিক নয়। ব্যথা যদি খুব তীব্র হয়, প্রতি মাসে স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেয়, সময়ের সঙ্গে বাড়তে থাকে, অথবা অস্বাভাবিক রক্তপাত, মাথা ঘোরা কিংবা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে বারবার এমন হলে এর পেছনে অন্য কোনও গাইনোকলজিক্যাল কারণ রয়েছে কিনা, তা পরীক্ষা করা প্রয়োজন।

google button