বাতিল হচ্ছে পুরনো ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট? জানিয়ে দিল ব্যাঙ্ক

Published:

Currency Ban

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের কি ২০১৬ সালের স্মৃতি ফিরতে চলেছে? আবারও নোট বাতিলের (Currency Ban) পথে হাঁটছে কেন্দ্র সরকার? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই কিছু খবর ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, এবার নাকি ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট বাতিল করা হবে। আদৌ কি তাই? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কি এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে? বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটিতে চোখ রাখুন।

ফের নোট বাতিল করছে কেন্দ্র সরকার?

আসলে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান বা ক্লাব, সব জায়গাতেই ছড়িয়ে পড়ছে নোট বাতিলের গুঞ্জন। অনেকের মুখে শোনা যাচ্ছে, ব্যাঙ্কে আবার লম্বা লাইন দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কেন্দ্র সরকার ফের নোট বাতিল করছে! আসলে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ভাইরাল হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে ২০০৫ সালের আগে ছাপানো ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার নোটগুলি বাতিল করা হবে। এমনকি আগামী ৩০ জুনের পর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই নোটগুলি আর গ্রহণ করবে না।

এই পোস্ট সামনে আসতেই তা রাতারাতি ভাইরাল হয়। এমনকি অনেকেই চিন্তার মধ্যে পড়ে। তাহলে কি আবারও ব্যাঙ্কে গিয়ে নোট বাতিলের জন্য লাইনে দাঁড়ানোর সময় এল? কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং গুজব বলেই খারিজ করে দিয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। ব্যাঙ্কের তরফ থেকে আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই বিষয়ে কোনও রকম নির্দেশিকা জারি করা হয়নি। নোট বাতিল সংক্রান্ত সমস্ত তথ্য শুধুমাত্র গুজব।

আরও পড়ুন: জাপানের কাছে হারলেই হবে স্বপ্নভঙ্গ, ব্রাজিলের প্রথম একাদশে থাকবেন তো নেইমার?

ব্যাঙ্কের আরও সংযোজন, ৩০ জুনের পরেও ২০০৫ সালের আগে ছাপা সমস্ত ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার নোট আগের মতোই নেওয়া হবে। নোট বাতিল সংক্রান্ত কোনও তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই তা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের। এমনকি এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি। তাই অযথা বিচলিত হওয়ার কোনও কারণ নেই। এখনই কেন্দ্র সরকার নোট বাতিল সংক্রান্ত কোনও রকম সিদ্ধান্ত নেয়নি বা ভাবনাচিন্তাও করছে না।