অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে বিনিয়োগের (Investment) বাজারে নানারকম আকর্ষণীয় স্কিম ও উপায় থাকলেও সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের কষ্ট করে উপার্জন করা অর্থ এমন জায়গায় রাখতে বা বিনিয়োগ করতে চান, যেখানে ঝুঁকির আশঙ্কা কম। তাই এখনও সরকারি সঞ্চয় প্রকল্প, ব্যাংক বা বন্ডকে নিরাপদ বিনিয়োগের মাধ্যমে হিসেবে ব্যাপকভাবে ভরসা করেন সাধারণ মানুষ। বিনিয়োগের প্রসঙ্গে উঠলেই প্রথমে আমাদের মাথায় আসে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) কথা। কিন্তু অনেকক্ষেত্রেই পোস্ট অফিসের (Post Office) টাইম ডিপোজিট স্কিমে (Time Deposit Scheme) এফডি-এর থেকেও বেশি সুদ পাওয়া যায়। আসুন তাহলে এই স্কিমটির বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
টাইম ডিপোজিট স্কিম ফিক্সড ডিপোজিটের থেকেও লাভজনক?
বেশিরভাগ সরকারি/বেসরকারি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা প্রদান করে, তারা সুদের হারও বেশি পান। তাই অতিরিক্ত সুবিধা পেতে বাড়ির প্রবীণ নাগরিকদের নামে ব্যাংকে এফডি খোলেন অনেকে। কিন্তু পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বয়সের কোনো বাছবিচার নেই। সব গ্রাহকই এই স্কিমে আকর্ষণীয় হারে সুদ পান। এই স্কিমে গ্রাহকরা প্রয়োজন মতো ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৫ বছরের মেয়াদের অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে মূলধন ও সুদের ওপর ১০০% গ্যারান্টিযুক্ত রিটার্ন মেলে, ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতোই।
পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করার জন্য অনেক বেশি টাকার দরকার নেই। ভারতের যেকোনো ডাকঘরে গিয়ে ১,০০০ টাকা জমা করেও অ্যাকাউন্ট খোলা যায়। আবার স্কিমটিতে কোনো সর্বোচ্চ সীমাও নেই, তাই যত খুশি বিনিয়োগ করা যায়। এই প্রকল্পে এখন ১ বছরে ৬.৯%, ২ বছরে ৭.০%, ৩ বছরে ৭.১% এবং ৫ বছরে ৭.৫% হারে সুদ পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ৫০০০ টাকা দিয়ে শুরু, আজ ১২ কোটির ব্যবসা! IIM ছেড়ে স্টার্টআপে সাফল্য কলকাতার মেঘার
উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি তার পরিবারের কোনও সদস্যের নামে টাইম ডিপোজিট স্কিমে ৩ বছরের জন্য ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে বর্তমান ৭.১ শতাংশ সুদের হার অনুযায়ী, মেয়াদ শেষে তিনি জমা রাখা টাকার ওপর ৭০,৫৫১ টাকা সুদ পাবেন। অর্থাৎ ৩ বছর পর তিনি সুদ যোগ করে ৩,৭০,৫৫১ টাকা ফেরত পাবেন। তাই নিরাপদ বিনিয়োগ ও নিশ্চিত রিটার্নের জন্য এই টাইম ডিপোজিট স্কিম মধ্যবিত্ত মানুষদের জন্য খুবই লাভদায়ক হতে পারে।










