আর ভুল জায়গায় পেমেন্ট যাবে না! এই ইউপিআই অ্যাপ আনল বিশেষ MyUPI ফিচার

Published:

MyUPI Assistant

অনন্যা সরকার, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সকলের জন্য দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলছে। এখন ইউপিআই (UPI) পেমেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে চলেছে। সম্প্রতি ভীম (BHIM UPI) অ্যাপে ‘মাইইউপিআই’ (MyUPI) নামে একটি এআই-চালিত ফিচার চালু হয়েছে, যা একটি কথোপকথনমূলক সহকারী হিসেবে কাজ করে। এটি চলতি মাসেই গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬ (Global Fintech Fest 2026)-এ লঞ্চ করা হয়। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই পেমেন্টের সমস্যা, অটো-পে পরিচালনা বা জালিয়াতি সংক্রান্ত অভিযোগ জানানোর মতো বিষয়ে সাহায্য পেতে পারেন। ব্যবহারকারীরা এই ফিচারের মাধ্যমে সাধারণ ভাষায় কথা বলতে বা টাইপ করতে পারেন।

মাইইউপিআই ফিচারে কী কী সুবিধা মিলবে?

এটি একটি স্মার্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, যা ভীম ইউপিআই অ্যাপের কুইক অ্যাকশনস (Quick Actions) সেকশনে দেখতে পাবেন। বর্তমানে ওই চ্যাট অ্যাসিস্ট্যান্টটি পাঁচটি ভাষায় ব্যবহার করা যায় – ইংরেজি হিন্দি,বাংলা, তেলেগু এবং তামিল। শোনা যাচ্ছে, অদূর ভবিষ্যতে অন্যান্য আঞ্চলিক ভাষাও এতে যুক্ত করা হবে। কারও পেমেন্ট আটকে গেলে বা কোনো নির্দিষ্ট ট্রানজ্যাকশনের ইতিহাস দেখতে চাইলে, সরাসরি মাইইউপিআই-এর সাথে কথা বলা যাবে। এটি অ্যাপের সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেনের হিসেব প্রদর্শন করতে পারে। কোনো গরমিল দেখা গেলে, ইউজাররা সরাসরি অ্যাপের মধ্যেই অভিযোগ দায়ের করতে পারবেন। এরসাথে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে, যা দিয়ে মাইইউপিআই ব্যবহার করে অভিযোগটির স্ট্যাটাস দেখা যাবে। 

মাইইউপিআই-তে আরও কিছু অভিনব ফিচারও রয়েছে। এর মধ্যে পে সেফ (PaySafe) নামে একটি ফিচার আছে, যা ইউজারকে পেমেন্ট করার আগে একটি কিউআর কোড আপলোড করে বা প্রাপকের ইউপিআই আইডি ব্যবহার করে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে সাহায্য করে। এর ফলে ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ঝুঁকি কমে।

আরও পড়ুন: জঙ্গলমহলের ‘ডুয়ার্স’, পুজোয় ঘুরে আসুন পাহাড়-বনে মোড়া এই জায়গা থেকে

এরকমই একটি ফিচার হল ট্রানজ্যাকশন রিলে (Transaction Relay), যা ইউজারকে বিবরণ পুনরায় না লিখে এক ক্লিকে পুরোনো পেমেন্ট পুনরায় করার সুযোগ দেয়। পেমেন্টটি আগে অন্য কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করে করা হয়ে থাকলেও এই সুবিধা মিলবে।

বহু ইউজার অটো-পে অন রাখেন। হঠাৎ কোনও ব্যাংক ডেবিট দেখে যদি কেউ উদ্বিগ্ন হন, তাহলে মাইইউপিআই তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবে কোন অটো-পে ম্যান্ডেটের অধীনে টাকাটি কাটা হয়েছে। এছাড়াও, এটি ইউজারকে তার সমস্ত ম্যান্ডেট দেখার সুযোগ দেবে, যেগুলোর জন্য ভবিষ্যতে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে। একজায়গায় থেকেই গ্রাহক সেগুলোকে পজ এবং বাতিলও করতে পারবেন। এই ফিচারের অধীনেএকটি সেফটি সুইচ (Safety Switch) ফিচার মিলবে, যার দ্বারা ব্যবহারকারী অ্যাপের সাথে লিঙ্ক করা অ্যাকাউন্টগুলো তৎক্ষণাৎ ব্লক করতে পারেন। মাইইউপিআই অ্যাসিস্ট্যান্ট থেকে ইউপিআই স্ক্যাম বা ভুয়ো মেসেজ সম্পর্কেও তথ্য মিলবে।