উদ্ধার হবে আটকে থাকা টাকা, নতুন পোর্টাল লঞ্চ করল EPFO

Published:

EPFO

সহেলি মিত্র, কলকাতাঃ EPFO সদস্যদের জন্য রইল স্বস্তির খবর। এবার বছরের পর বছর ধরে আপনারও আটকে থাকা পিএফ (PF)-এর টাকা উদ্ধার হবে। হ্যাঁ তেমনই ব্যবস্থা করল সরকার। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য বুধবার ঘোষণা করেছেন যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ‘ই-প্রাপ্তি’ পোর্টাল চালু করছে। এটি পুরোনো এবং নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টগুলি ট্র্যাক করতে, সেগুলিকে ইউএএন (UAN)-এর সাথে লিঙ্ক করতে এবং সক্রিয় করতে সাহায্য করবে।

‘ই-প্রাপ্তি’ পোর্টাল লঞ্চ করল EPFO

সরকার জানিয়েছে, নতুন এই পোর্টাল লঞ্চ হওয়ার ফলে ইপিএফও সদস্যদের জন্য তাদের তহবিল অ্যাক্সেস করা আরও সহজ হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, “নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি ট্র্যাক করার জন্য ইপিএফ আধার-ভিত্তিক অ্যাক্সেস পোর্টাল (E-Praapti)-তে একটি আধার-ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে সদস্যরা তাদের পুরোনো ইপিএফ অ্যাকাউন্টগুলি নিরাপদে অ্যাক্সেস করতে পারবেন, এমনকি যদি সেগুলি কোনো ইউএএন-এর সাথে লিঙ্ক করা না থাকে। সদস্যরা এই সুবিধার মাধ্যমে তাদের প্রোফাইল আপডেট করতে পারবেন, যা পরবর্তীতে সেগুলিকে তাদের ইউএএন-এর সাথে লিঙ্ক করবে এবং অ্যাকাউন্টগুলিকে পুনরায় সক্রিয় করবে।”

E-Praapti কতটা বিশেষ?

সরকার জানিয়েছে, এই ই-প্রাপ্তি পোর্টালের প্রধান উদ্দেশ্য হলো নিষ্ক্রিয় পিএফ অ্যাকাউন্টগুলি খুঁজে বের করে সক্রিয় করা। অ্যাকাউন্টধারীরা আধারের মাধ্যমে নিরাপদে তাদের পুরোনো অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে পারবেন। পুরানো অ্যাকাউন্টগুলো আপডেট করে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সাথে লিঙ্ক করা হবে।

আরও পড়ুনঃ ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়া

এছাড়াও প্রাথমিক পর্যায়ে, নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করতে পোর্টালটি সদস্যের আইডি-ভিত্তিক হবে। এর ফলে, যেসব EPFO ​সদস্যের মেম্বার আইডি আছে, তাঁরা তাৎক্ষণিক সুবিধা লাভ করতে পারবেন। মনসুখ মান্ডব্য বলেন, “ভবিষ্যতে, যেসব সদস্য তাঁদের পুরোনো মেম্বার আইডি ভুলে গেছেন বা সেটি ব্যবহার করতে পারছেন না, তাঁদের পর্যন্ত ই-প্রাপ্তির পরিধি প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।” উল্লেখ্য, ইপিএফও ২০১৪ সালে ১২-সংখ্যার UAN প্রদান শুরু করে। ইপিএফও-র সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৩২ লক্ষ ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে। অনেকেই আগে চাকরি পরিবর্তন করেছেন এবং মেম্বার আইডি ভুলে যাওয়ার কারণে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।