ডলারের বিপরীতে পূর্বের সব রেকর্ড ভাঙল ভারতীয় রুপি, দেখুন টাকার আজকের রেট

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় টাকার (Indian Rupee)। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আর গোটা বিশ্বজুড়ে আরও শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার (United States Dollar)। শুক্রবার বাজার খুলতেই ডলারের বিপরীতে টাকার দাম কমে একেবারে ৯৫.৯৫ টাকায় গিয়ে দাঁড়াল, যা সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বৃহস্পতিবার দিন শেষে এই রেট ছিল ৯৫.৭৬ টাকা। এই সপ্তাহে সব মিলিয়ে টাকা দাম প্রায় ১.৩৬% তলানিতে।

কেন রেকর্ড হারে পতন টাকার দাম?

আসলে টাকার এই রেকর্ড পতনের পেছনে বিশেষ করে তিনটি কারণ কাজ করছে—

প্রথমত, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম বর্তমানে ব্যারেল প্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গিয়েছে। আর ভারত যেহেতু তার ৮৬ শতাংশ তেল আমদানি করে থাকে, তাই তেলের দাম বাড়লে ডলারের চাহিদা বাড়ে এবং টাকার দাম তলানিতে ঠেকে।

দ্বিতীয়ত, আমেরিকায় ১০ বছরের ট্রেজারি ইল্ড ৪.৫০ শতাংশের উপরে চলে গিয়েছে। যার কারণে বিনিয়োগকারীরা ভারতের মতো উন্নয়নশীল দেশ থেকে তাদের টাকা তুলে নিচ্ছে এবং এর কারণে ডলার ইন্ডেক্স ৯৯ ছাড়িয়ে গিয়েছে।

তৃতীয়ত, ক্রমাগত বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে তাদের অর্থ বা বিনিয়োগ সরিয়ে নিচ্ছে, যা টাকার উপরে প্রভাব ফেলছে এবং ডলারকে শক্তিশালী করছে।

আরও পড়ুন: খরচ ১২৩০ কোটি! ক্ষমতায় এসেই ৫ দিনের মধ্যে DA বৃদ্ধির ঘোষণা সরকারের

মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং তেলের দাম বৃদ্ধি

তবে টাকার দাম কমার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। কারণ টাকা দুর্বল হওয়া মানেই বিদেশ থেকে পণ্য কিনতে ভারতকে এখন বেশি পরিমাণে খরচ করতে হবে। আর ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের দাম আজ থেকে ৩ টাকা করে বাড়িয়েছে। সবথেকে বড় ব্যাপার, দীর্ঘ চার বছর পর এই প্রথম জ্বালানির দাম বাড়ল, যা পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বাড়িয়ে দিতে পারে। এখন দেখার, ভবিষ্যতে মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ায়।

google button