সৌভিক মুখার্জী, কলকাতা: ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি (Indian Rupee)। তেলের দাম তলানিতে ঠেকার জেরে দিনের পর দিন যেখানে মূল্য পতন হচ্ছিল ভারতীয় রুপির, সেখানে আজ একধাক্কায় অনেকটাই দাম বেড়েছে টাকার। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সম্ভাব্য হস্তক্ষেপের পরেই শক্তি ফেরাচ্ছে টাকা। তেল কোম্পানিগুলির ডলার ক্রয় কমানো এবং স্পট মার্কেটে চাহিদা কমার জেরে আজ ভারতীয় রুপির দাম অনেকটাই বেড়েছে। সবচেয়ে বড় ব্যাপার, আজ লেনদেনের শুরুতেই রুপি প্রায় ১% শক্তিশালী হয়েছে।
অনেকটাই বাড়ল ভারতীয় রুপির দাম
সোমবার বাজার খুলতেই ডলারের বিপরীতে রুপির লেনদেন শুরু হয় ৯৫.৭৬-এ, যেখানে শুক্রবার রেট ছিল ৯৬.৭৩। অর্থাৎ একধাক্কায় প্রায় ১ টাকা বেড়েছে ভারতীয় টাকার দাম। বর্তমানে এশিয়ার সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবেই উঠে আসছে ভারতীয় রুপি। তবে রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবারের এই বৃদ্ধি সত্ত্বেও চলতি বছর এখনও পর্যন্ত ডলারের বিপরীতে রুপির দর ৬.৬% কমেছে।
উল্লেখ্য, শনিবার আরবিআই রুপির উপর চাপের দুটি প্রধান উৎসকে লক্ষ্য করে একাধিক পদক্ষেপ নেয়। এর মধ্যে প্রথমত রয়েছে, অপরিশোধিত তেলের উচ্চমূল্যের কারণে তেল বিপণনকারী সংস্থাগুলির ক্রমাগত ডলার ক্রয় আর মুদ্রার অবমূল্যায়ন থেকে রুপিকে রক্ষা করতে কর্পোরেট সংস্থাগুলির চাহিদা বাড়ানো। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় পদক্ষেপ হল, দীর্ঘ চার বছর পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, যার প্রভাব সরাসরি ভারতীয় রুপির উপরেই পড়ছে।
আরও পড়ুন: টর্চ জ্বালিয়েও প্রার্থী খুঁজে পাচ্ছেন না মমতা! পুরভোট নিয়ে চিন্তায় কালীঘাট তৃণমূল
তবে এদিন ডলারের বিপরীতে রুপির দাম বাড়লেও শেয়ার বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব। সেনসেক্স এবং নিফটি উভয়ই আজ অনেকটাই তলানিতে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, রুপির এই সামগ্রিক উত্থান দীর্ঘস্থায়ী হবে কিনা তা এখনই যাচাই করা সম্ভব নয়। যদি আগামী দিনগুলোতে তেলের দাম কমে, তাহলে আরও ঘুরে দাঁড়াতে পারে ভারতীয় রুপি। সবটাই নির্ভর করছে আরবিআই-র পদক্ষেপ এবং বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণের উপর।










