ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, দেখুন আজকের রেট

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অর্থনীতিতে ফের ইতিবাচক হাওয়া! মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা (Indian Rupee)। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে পতন এবং বিদেশি বিনিয়োগকারীদের ফের ভারতীয় বাজারে আস্থা ফেরার জেরে একধাক্কায় আবারও ২৫ পয়সা ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় রুপি। যেখানে বুধবার দিনের শেষে ডলারের পাল্টা লেনদেন দাঁড়িয়েছিল ৯৫.২০ টাকা, সেখানে আজ সকালে বাজার খুলতেই তা দাঁড়িয়েছে ৯৪.৯৫ টাকায়।

ফের টাকার মান বদল

আসলে পশ্চিম এশিয়ার যুদ্ধবিরতির খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম এক ধাক্কায় প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। যেখানে ১২০ ডলার প্রতি ব্যারেল গিয়ে ঠেকেছিল, সেখানে এখন ৭০ ডলারের আশেপাশে বিকোচ্ছে ব্রেন্ট ক্রুড। আর যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল অর্থাৎ প্রায় ৮০ শতাংশের বেশি জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়, সেক্ষেত্রে তেলের দাম কমায় বৈদেশিক মুদ্রার উপর চাপ কমেছে। সেই কারণেই দেশীয় মুদ্রা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে মার্কিন ডলারের বিপরীতে। কিন্তু হ্যাঁ, তেলের দাম বাড়লে ফের টাকার মান বদল হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশী বিনিয়োগকারীরা শুধুমাত্র জুন মাসেই ভারতীয় বন্ড বাজারে প্রায় ৫৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। কিন্তু বিগত তিন মাস তারা বিনিয়োগ তুলে নিচ্ছিলেন। এটাই সাম্প্রতিক সময়ের সবথেকে ইতিবাচক বিনিয়োগ। সেই কারণেই আরও শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রা। আসলে নতুন বিদেশী পুঁজি ভারতে প্রবেশ করতে শুরু করায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটিকে ইতিবাচক প্রবাহ হিসেবেই উল্লেখ করে, এবং এর সরাসরি প্রভাব পড়ে দেশীয় মুদ্রার উপর।

আরও পড়ুন: টাকা তোলা ও বেতন কাঠামোয় পরিবর্তন, নিয়মে বড় বদল আনল EPFO

আবার অন্যদিকে ছয়টি বৈদেশিক মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপকারী সূচক বা ডলার ইন্ডেক্স ০.০১ শতাংশ কমে ১০১.৩৮-এ লেনদেন হয়েছিল বলেই খবর। এমনকি সবথেকে বড় ব্যাপার, ফিউচার ট্রেডে অপরিশোধিত তেল অর্থাৎ ব্রেন্ড ক্রুড ওয়েলের দাম ১.১৩ শতাংশ কমে এখন ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৭০.৭৬ মার্কিন ডলার। এছাড়া দেশীয় শেয়ারবাজারে দিনের শুরুতেই সেনসেক্স ৩৭৭.৪০ পয়েন্ট বেড়ে একেবারে ৭৭,২৬৯.৫৪ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। পাশাপাশি নিফটিতেও অনেকটাই উত্থান লক্ষ্য করা যায়। আর এই সমস্ত কারণের জেরেই দেশীয় মুদ্রায় ইতিবাচক প্রবাহ।

google button