অনন্যা সরকার, কলকাতা: দেশের বৃহত্তম বিমা সংস্থা, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) শিশু, মহিলা ও বয়স্ক ব্যক্তি সহ সকল শ্রেণির মানুষের জন্য বিভিন্ন ধরণের বিমা পলিসি অফার করে। এর পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার জন্য এলআইসি একটি বিশেষ প্রকল্পও পরিচালনা করে, যা কাজের বিনিময়ে তাদের উপার্জনের সুযোগ করে দেয়। বিশেষভাবে মহিলাদের ক্ষমতায়নের জন্য তৈরি বিমা সখী (LIC Bima Sakhi) প্রকল্পে যোগদান করে মহিলারা প্রতি মাসে কম করেও ৭,০০০ টাকা উপার্জন করতে পারেন। কীভাবে আবেদন করা যায় এই প্রকল্পে, কী কী যোগ্যতা লাগে, আসুন জেনে নেওয়া যাক।
বিমা এজেন্ট হয়ে মহিলাদের উপার্জন করার বিশেষ সুযোগ
এলআইসি বিমা সখী প্রকল্প নারীদের আর্থিক ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই স্কিমের সুবিধাগুলো এটিকে দেশের মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় করে তুলেছে। এই সরকারি প্রকল্পে যোগদানকারীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তাদের বিমা সখী প্রকল্পের অধীনে গ্রামাঞ্চলে থাকা মহিলাদের বিমা এজেন্ট হয়ে আয় করার এবং গ্রামীন এলাকায় বিমা সচেতনতা বৃদ্ধি করার কাজে নিযুক্ত করে।
আরও পড়ুন: টিকিট ক্যান্সলেশন থেকে কত আয় হয় রেলের? মুখ খুলল সরকার
বিমা সখী প্রকল্পে আবেদন করার যোগ্যতা
এলআইসি বিমা সখী প্রকল্পে ৭০ বছর বয়স পর্যন্ত কমপক্ষে দশম শ্রেণি উত্তীর্ণ যে কোনো মহিলা আবেদন করতে পারেন। এই প্রকল্পের যোগদান করলে পলিসি বিক্রি থেকে অর্জিত কমিশনের পাশাপাশি, অংশগ্রহণকারী মহিলারা প্রাথমিক পৃষ্ঠপোষকের কাছ থেকে তিন বছরের জন্য একটি স্টাইপেন্ডও পান। এলআইসি বিমা সখী প্রকল্পে যোগদানকারী মহিলাদের প্রথম বছরে মাসিক ৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়।
এলআইসি তাদের মহিলা বিমা এজেন্টদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে। যোগদানকারী মহিলাদের প্রথম তিন বছরের জন্য উপবৃত্তি বা স্টাইপেন্ড এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তিন বছর পর প্রশিক্ষণ শেষ হলে, তাঁরা এলআইসি এজেন্ট হিসেবেও কাজ করতে পারেন। শুধু শর্ত থাকে, প্রথম বছরে খোলা পলিসিগুলোর অন্তত ৬৫% অবশ্যই চালু থাকতে হবে। এই সরকারি প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয় গ্রামীণ এলাকার মহিলাদের। তবে, বিদ্যমান এলআইসি এজেন্ট এবং কর্মচারীদের পরিবারের কেউ এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন না। যে সমস্ত বিমা সখি এজেন্টরা তাদের পলিসি বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করেন বা অতিক্রম করেন তাদের বিশেষ কমিশনও দেওয়া হয়।
আরও পড়ুন: মাসের শুরুতেই বিরাট সুখবর, ২০০ টাকারও বেশি দাম কমল LPG-র
অনলাইন আবেদনের প্রক্রিয়া
এলআইসি বিমা সখীর জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যায়। এই প্রকল্পে রেজিস্ট্রেশনের বিবরণ এবং আবেদনপত্র এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটেই মিলবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পোর্টালে আপলোড করে ও ফর্মে সব তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বিমা সখী প্রকল্পে আবেদনের জন্য ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের প্রয়োজন।










