গা ছমছমে অভিজ্ঞতা, গরমের ছুটিতে ঘুরে আসুন বাংলার একমাত্র ক্যানিয়নে

Published:

Yelbong

সহেলি মিত্র, কলকাতাঃ পাহাড়ে ঘুরতে গিয়ে আপনিও অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। উত্তরবঙ্গে (North Bengal) এমন এক জায়গা আছে যেখানে পৌঁছাতে গেলে কোনও পাহাড়ে চড়তে হয় না, শুধু একটু ট্রেক করার ক্ষমতা থাকলেই হল। সেই জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আপনার সারাজীবন মনে থাকবে। আজ এমন এক জায়গা নিয়ে আলোচনা হবে যে জায়গাটি অনায়াসেই হিমাচল বা উত্তরাখণ্ডকে টেক্কা দিতে পারবে।

ঘুরে আসুন ইয়েলবং রিভার ক্যানিয়ন

আজ কথা হচ্ছে এমন এক ট্রেক রুট নিয়ে যেখান যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সময় কম থাকায় হয়ে ওঠে না। যাইহোক, আপনিও যদি একদম রহস্যময় জায়গায় ট্রেক করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন ইয়েলবং (Yelbong)। এখানে আপনি দুধারে মস্ত পাহাড় তার মধ্যে গা ছমছম করা পরিবেশের মধ্যে দিয়ে কখনও হাঁটু, কখনও বুকের উপর কনকনে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ট্রেক করতে পারেন। একদম অফরোডিং যাকে বলে। চলে আসুন ইয়েলবং। একা নয়, বরং একটা গ্রুপ সঙ্গে করে এখানের প্রকৃতি, জলের মজা নিন।

জীবনে কোথাও ঘুরতে গিয়ে একদম ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পেতে অবশ্যই করতে হবে ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেক। এই গিরিখাতে এলেই আপনার গা ছমছম করতে বাধ্য। হাতে কম সময় থাকলে, মাত্র ২দিনের মধ্যে কোনও ট্রেক করতে চাইলে ইয়েলবং ট্রেক করতে পারেন। জলপ্রপাত এবং চুনাপাথরের গুহার ভেতর দিয়ে হাঁটলে গায়ে আপনার কাঁটা দেবেই, সে এক আলাদাই রোমাঞ্চকর অভিযান।

কীভাবে যাবেন?

নিশ্চয়ই ভাবছেন ইয়েলবং রিভা ক্যানিয়নে কীভাবে যাবেন? তাহলে সেক্ষেত্রে প্রথম দিন এনজেপি বা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে সেভক রোড হয়ে মালবাজারের দিকে গিয়ে বাগরাকোট মোড় থেকে পাহাড়ের দিকে উঠে দুপুর নাগাদ ইয়েলবং গ্রামে পৌঁছান। পরের দিন খুব ভোরে উঠে ইয়েলবং রিভার ক্যানিয়নের দিকে যাত্রা শুরু করতে পারেন।