কলকাতার অদূরেই রয়েছে ‘ঝুলন্ত সেতুর উপত্যকা’, গরমের ছুটিতে ঘুরে আসুন রোলেপ

Published:

Rolep

সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরবঙ্গের (North Bengal) সেই চিরাচরিত দার্জিলিং, সিকিম (Sikkim) ঘুরে বোর হয়ে গিয়েছেন? এই জায়গাগুলির চৌহদ্দি পেরিয়ে একটু অফবিট জায়গায় যেতে চাইছেন? তাহলে আজকের এই খবরটি রইল একদম আপনার জন্য। আজ আপনাদের এমন দুটি জায়গার খোঁজ দেব যেটি কলকাতা (Kolkata) থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে অবস্থিত। সেইসঙ্গে একদম প্রচারের আড়ালে রয়েছে এমন জায়গা নিয়ে খোঁজ দেব। বরফে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, নদীর কলকল শব্দই যেন এখন মন প্রাণ চাইছে। যে হারে গরম পড়েছে সকলের প্রাণ ওষ্ঠাগত। এহেন পরিস্থিতিতে আপনিও ঘুরে আসতে পারেন সিকিমের রোলেপ ও চাচাল থেকে। চলুন জায়গাগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

গরমের ছুটিতে ঘুরে আসুন ঝুলন্ত সেতুর উপত্যকা থেকে

রোলেপ (Rolep) হল সিকিমের এক অজানা স্বর্গ। খুব কম পর্যটকই আছেন এখানে গিয়েছেন। এই রোলেপে রয়েছে ঝুলন্ত সেতুর উপত্যকা। সিকিমের একদম নদীকেন্দ্রিক গ্রাম হল এটি। নদীর দুপাশে দেখা যাবে চাষের জমি এবং মানুষের বাড়ি। মনে হবে এক টুকরো চিন বা জাপানের কোনও জায়গায় এসে পৌঁছেছেন। কিন্তু এই জায়গাটি অবস্থিত ভারতেই। এখানে নদী ঝর্ণার মতো পাহাড় থেকে আছরে পড়ে। এই নদীকে ঘিরেই মানুষের আশা, ভরসা, জীবনধারণ সবকিছুই। নদীর ধারে আপনি পেয়ে যাবেন বেশ কিছু হোমস্টে যেখানে বসে আপনি ঘণ্টার পর ঘণ্টা হাতে কফি বা ম্যাগি হাতে সময় কাটিয়ে দিতে পারবেন।

এখানে যে নদীটিকে ঘিরে মানুষের বাস সেটির নাম হল রংপোখোলা। খাওয়া দাওয়ার পর এই নদীর ধারে জলে পা ডুবিয়ে বসতে পারেন। শরীর ও মন দুইই ভালো হয়ে যেতে বাধ্য। পাহাড় মানেই সেই কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এই গ্রাম থেকে সেই দৃশ্য দেখা যাবে না। ফলে কাকভোরে ওঠার কোনও গল্পই নেই। ধীরে সুস্থে উঠে আপনি খাওয়া দাওয়া ও প্রকৃতির অপার সৌন্দর্য দু চোখ ভরে দেখতে পাবেন। এখানে রয়েছে অসংখ্য ঝুলন্ত উপত্যকা যেখানে আপনি হেঁটেচলে বেড়াতে পারেন।

কীভাবে যাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন রোলেপ কীভাবে পৌঁছাবেন? জানিয়ে রাখি, এনজেপি থেকে রোলেপের দূরত্ব ১৪০ কিমি মতো। গাড়িতে সময় লাগে ৫ ঘণ্টা মতো।