ডুয়ার্স অতীত! এবার পুজোয় ঘুরে আসুন ‘গড় জঙ্গল’, প্রকৃতির প্রেমে পড়ে যাবেন

Published:

Garh Jungle

সহেলি মিত্র, কলকাতাঃ অনেক হল পাহাড় বা সমুদ্র, এবার হোক ডেস্টিনেশন জঙ্গল। মানুষ জঙ্গল ভ্রমণ মানেই এক কথায় ভাবেন ডুয়ার্স। কিন্তু দার্জিলিং, সিকিমের মতো সেখানেও পর্যটকদের ভিড় উপচে পড়ে। তবে যদি বলি, বাংলায় এরকম আরও একটি জঙ্গল রয়েছে যেখানে গেলে আপনার এক আলাদা ভালো লাগবে, এখানে এলে ভুলে যাবেন ডুয়ার্সে না যাওয়ার কষ্ট। এই পুজোয় আপনিও কি নিরিবিলিতে একটু একান্ত সময় কাটাতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে ‘গড় জঙ্গল’ (Garh Jungle)।

পুজোয় ঘুরে আসুন ‘গড় জঙ্গল’

গড় জঙ্গল…বাংলার একদমই স্বল্প পরিচিত জায়গা। ফলে এখানে এখনও অবধি তেমন পর্যটকদের ভিড় এসে পৌঁছায়নি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহর থেকে খানিক দূরে রয়েছে এই গড় জঙ্গল। ভিড়ভাট্টা ছেড়ে একটু শান্তিতে দুটো দিন কাটাতে ইচ্ছুক থাকেন, তাহলে এই জঙ্গল আপনার জন্য একদম সেরা অপশন হতে পারে। এই জঙ্গলটি এতটাই সুন্দর যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ভাবতে বাধ্য হবেন, সপ্তাহখানেক যদি এখানে থেকে এক্সপ্লোর করা যেত তাহলে কতই না ভালো হত।

কী কী দেখবেন?

সবথেকে বড় কথা, এখানে আসতে আপনাকে খুব বেশি ঝক্কিও পোহাতে হবে না, আবার বেশি গ্যাঁটের কড়িও খরচ করতে হবে না। এখানে এলে আপনিও খুশি থাকবেন, সেইসঙ্গে আপনার পকেটও শান্ত থাকবে বৈকি। ডুয়ার্সে যেমন ভূমিধসের আশঙ্কা কিংবা বনাঞ্চলে প্রবেশের বিধিনিষেধ থাকে, এখানে কিন্তু সেই ভয়টা নেই। এই অঞ্চলের জঙ্গলে শাল, মহুয়া, পলাশ, কেন্দু ইত্যাদি নানা গাছপালা দেখা যায়। অবশ্য এখানে ডুয়ার্সের মতো কিন্তু সাফারি করা যায় না। আপনি যদি সাফারি, অনেক জন্তু-জানোয়ার দেখার লোভে এসে থাকেন তাহলে কিন্তু হতাশ হবেন। এখানে বড়জোর নানা পাখি, প্রজাপতি, সরীসৃপ এবং ছোট-বড় কিছু বন্যপ্রাণী দেখার সুযোগ পাবেন। এখানে আপনি মেধাশ্রম মন্দির ও গড় জঙ্গলের প্রথম দুর্গাপুজো দেখতে পারেন। এ ছাড়া, ঘুরে দেখতে পারেন শ্যামারূপা মন্দির, শাল বন, প্রাচীন গড়ের ধ্বংসাবশেষ ইত্যাদি।

কীভাবে যাবেন?

এবার জেনে নেওয়া যাক, কীভাবে এই সুন্দর জায়গায় পৌঁছাবেন। দুর্গাপুর থেকে গড় জঙ্গলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ব্যক্তিগত গাড়ি বা মোটরবাইকে প্রায় ৩০ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। নিকটতম রেলস্টেশন হল দুর্গাপুর এবং পানাগড়। স্টেশন থেকে নেমে একটি গাড়ি ভাড়া করে গড় জঙ্গল ঘুরে আসতে পারেন। এছাড়া কলকাতা থেকে দুর্গাপুর বাসে গিয়ে সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে সহজে পৌঁছনো যায় গড় জঙ্গলে।

google button