প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বর্ষা সক্রিয় হতে না হতেই সাপের উপদ্রব যেন বেড়ে গিয়েছে। বিশেষ করে যাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় ও জঙ্গল একটু বেশি, তাদের বাড়িতে সাপের (Snake) উপদ্রব বেশি হওয়ার আশঙ্কা থাকে। বিষধর সাপের হাত থেকে রক্ষা পেতে অনেকেই বাড়ির আশেপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখেন। কিন্তু সেটি আদেও খুব একটা কাজে দেয় না। তাই আমাদের আজকের প্রতিবেদন ঘরোয়া কিছু টোটকা (Home Safety Tips) নিয়ে এসেছে যার মাধ্যমে সহজেই সাপের উপদ্রব থেকে রেহাই মিলবে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
ভিনিগার
জলের মধ্যে ভিনিগার মিশিয়ে দিলে সাপ বাড়ির নাকি ধারেকাছে ঘেঁষতে পারে না। তাই বাড়ি বা বাড়ির আশেপাশে জল জমে গেলে এর আশেপাশে ভিনিগার ছড়িয়ে রাখতে হবে। এতেই দূরে থাকবে সাপ। এছাড়াও ন্যাপথালিন সাপ তাড়ানোর এক জবরদস্ত ওষুধ। এর ঝাঁঝেই সাপ টিঁকতে পারবে না, তাই ঘরের কোণায় ন্যাপথালিন দিয়ে রেখে দিন।
লেবু ও গোলমরিচ গুঁড়ো
সাপ তাড়াতে সাহায্য করে লেবু। এর জন্য লেবুর রসের সঙ্গে সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। এরপর এই মিশ্রণটি বাড়ির বিভিন্ন কোণায় ছড়িয়ে রাখুন। দেখবেন সাপ কিছুতেই বাড়িতে ঢুকবে না। এছাড়াও ব্যবহার করতে পারেন সালফার পাউডার। এটি সাপ তাড়ানোর জন্য বেশ শক্তিশালী উপকরণ। এটি ঘরের বাইরে ছড়িয়ে রাখলে সাপ আর ঘরে ঢোকার সাহস পাবে না।
জঙ্গল পরিষ্কার প্রয়োজন
বর্ষায় আশেপাশে যদি জঙ্গল জমে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সাফাইয়ের কাজ করতে হবে, কারণ ঝোপঝার বেশি থাকলেই সাপের আগমন সবচেয়ে বেশি হয়। আর এই সময় সাপ নিজের জায়গা বদলায়। তাই এমন সময়ে বাড়ির সব দরজা-জানলা বন্ধ রাখাই ভালো। এছাড়াও রাতের বেলায় বাড়ির বাইরে গেলে টর্চ বা আলো ব্যবহার করা উচিত। এবং জোরে জোরে আওয়াজ করে হাঁটুন। এতে সাপ ভয় পেয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ঘরের ঝুলের হাত থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টিপসগুলো
বাড়ি থেকে ইঁদুর তাড়ান
আমরা সকলেই জানি সাপ ইঁদুর খেতে বেশ ভালবাসে। তাই বাড়ির আশেপাশে ইঁদুর থাকলে সাপও খাবারের লোভে চলে আসে। তাই ইঁদুর যাতে না আসে, সেদিকে খেয়াল রাখা উচিত। সবচেয়ে ভালো হয় ইঁদুর ঢোকার গর্তগুলো আটকে দেওয়া। এছাড়াও নিয়মিত ইঁদুর তাড়ানোর ওষুধও ব্যবহার করতে পারেন। এছাড়াও পেঁয়াজ-রসুনের মধ্যে সালফোনিক অ্যাসিড থাকে, যা সাপের কাছে বিষাক্ত। এই দুটির সঙ্গে কিছু সৈন্ধব লবণ মিশিয়ে নিন এবং ঘরের বিভিন্ন অংশ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাখলে সাপ আসার ভয় থাকবে না।










