আকাশছোঁয়া হওয়ার পথে কন্ডোমের দাম

Published:

Condom Price Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের (Middle East War) প্রভাব গিয়ে পড়ল এবার জন্ম নিয়ন্ত্রণ সরঞ্জামের বাজারে। বিশ্বের এক নম্বর কন্ডোম প্রস্তুতকারী মালয়েশিয়ান সংস্থা Karex জানাচ্ছে, ইরান যুদ্ধের জেরে কাঁচামালের সংকট আর পরিবহন খরচ অত্যাধিক হারে বেড়ে যাওয়ার কারণে তারা কন্ডোমের দাম এবার ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করতে চলেছে (Condom Price Hike)। পরিস্থিতি আরও খারাপ হলে সেই দাম যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন সংস্থার সিইও গোহ মিয়া কিয়াত।

কেন বাড়ছে কন্ডোমের দাম?

রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থার সিইও জানিয়েছেন, যুদ্ধের ফলে গোটা বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। সেই সূত্রে একাধিক কারণে দাম বৃদ্ধি পেতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • কন্ডোম তৈরির প্রধান উপাদান যেমন সিন্থেটিক রবার, নাইট্রাইল এবং সিলিকন অয়েলের দাম যুদ্ধের প্রভাবে অনেকটাই বেড়েছে। এমনকি প্যাকেজিং এর জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েলের দামও এখন আকাশছোঁয়া।
  • আগে ইউরোপ কিংবা আমেরিকায় যে সমস্ত পণ্য এক মাসে পৌঁছত, যুদ্ধের জেরে এখন তা পৌঁছতে দুই মাস সময় লেগে যাচ্ছে। আর অনেক সময় মাঝপথে আটকে থাকার কারণে বিশ্বজুড়ে কন্ডোম স্টকে টান পড়ছে।
  • মধ্যপ্রাচ্য থেকে পেট্রোকেমিক্যাল সরবরাহে সমস্যা হওয়ার কারণে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গিয়েছে।

তবে হ্যাঁ, আপনি হয়তো Durex বা Manforce এর মতো নামিদামি ব্রান্ডের নাম শুনেছেন। তবে এই সমস্ত বড় ব্র্যান্ডের পাশাপাশি ব্রিটেনের এনএইচএস এবং রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন স্বাস্থ্য সংস্থায় Karex নামক মালয়েশিয়ান সংস্থাটি কন্ডোম সরবরাহ করে থাকে। আর প্রতিবছর প্রায় ৫০০ কোটিরও বেশি কন্ডোম তৈরি করে তারা। যার ফলে দাম বাড়লে তার প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের সাধারণ মানুষের উপরেই।

আরও পড়ুন: ‘৫০ বছরের ইতিহাসে এই প্রথম’ বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মমতাকে কটাক্ষ মোদীর

এদিকে মজার বিষয় হল—একদিকে যখন সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে, ঠিক অন্যদিকে গোটা বিশ্বজুড়ে কন্ডোমের চাহিদা এ বছর ৩০ শতাংশ ঊর্ধ্বগতিতে ঠেকেছে। এ বিষয়ে গোহ মিয়া কিয়াত বলেছেন, উন্নয়নশীল দেশগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্টক নেই। কারণ, পণ্য সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছে না। আর প্রচুর পরিমাণ কন্ডোম এখন জাহাজে মাঝসমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কন্ডোমের মতো প্রয়োজনীয় সরঞ্জামের দাম বাড়লে পরিবার পরিকল্পনা আর যৌন স্বাস্থ্যের উপরেই প্রভাব পড়তে পারে।