‘৫০ বছরের ইতিহাসে এই প্রথম’ বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মমতাকে কটাক্ষ মোদীর

Published:

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: ১৫২ টি কেন্দ্রে আজ জোরকদমে চলছে ২৬ এর বিধানসভার প্রথম দফা নির্বাচন (West Bengal Election 2026)। আর এই নির্বাচনের মাঝেই প্রচারে ফাঁক রাখতে চাইছে না নরেন্দ্র মোদি। তাই দ্বিতীয় দফা ভোটের আগে প্রচার করতে নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar) আয়োজিত এক জনসভায় এলেন তিনি। সেখানেই বাংলার প্রথম দফার ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মোদী (Narendra Modi)। শুধু তাই নয় ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ তুলে ধরে শাসকদল তৃণমূল কংগ্রেসকে চরম কটাক্ষ করলেন তিনি।

কমিশনকে ধন্যবাদ মোদীর

রাজ্যে প্রথম দফার নির্বাচনের মাঝে কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বিগত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম বাংলায় নির্বাচনে হিংসার ঘটনা একেবারেই নগণ্য। আগে যেখানে বাংলায় আইন-শৃঙ্খলা বলে কিছু ছিল না, গুণ্ডামিই ছিল শেষ কথা। প্রতি সপ্তাহে কাউকে না কাউকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো। সেখানে আজ সেই অন্ধকারের দিন শেষ হয়েছে। নির্বাচন কমিশন বাংলার মাটিতে গণতন্ত্রের মর্যাদা পুনরায় প্রতিষ্ঠা করতে সফলতা অর্জন করেছে।”

তৃণমূল কংগ্রেসের হারের নিদান দিলেন মোদী

সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য নরেন্দ্র মোদী শুধু কমিশনকে ধন্যবাদ জানাননি তার সঙ্গে নির্বাচনের কাজে যুক্ত সকল সরকারি কর্মচারীদেরও কুর্নিশ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি রাজ্যের সরকারি কর্মচারীদের অভিনন্দন জানাচ্ছি। তাঁদের অক্লান্ত পরিশ্রমে মানুষ নির্ভয়ে বুথে যেতে পারছেন।” একইসঙ্গে প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেসের হারের প্রসঙ্গ তুলে ধরেন মোদী। তিনি দাবি করেন, আমি দেখেছি বাংলার মানুষ তৃণমূলের নেতা, বিধায়ক, মন্ত্রীদের কাজে অতিষ্ঠ। সেই কারণে অনেক জেলার অনেক জায়গায় খাতাই খুলতে পারবে না তৃণমূল।”

আরও পড়ুন: উত্তরবঙ্গে দুর্যোগ, তাপপ্রবাহ কাটাতে আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? আবহাওয়ার খবর

ঝালমুড়ি প্রসঙ্গে কী বললেন মোদী?

ঝাড়গ্রামের একটি দোকানে ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের সভা থেকে তিনি বলেন, ‘‘৪ মে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়োৎসব হবে। মিষ্টি দেওয়া হবে, দেওয়া হবে ঝালমুড়িও। তবে আমি শুনেছি, ঝালমুড়ি কিছু লোককে জোর ধাক্কা দিয়েছে। ব্যাপারটা হল ঝালমুড়ি আমি খেয়েছি, কিন্তু ঝাল তৃণমূলের লেগেছে।’’ আসলে কয়েকদিন আগে ঝাড়গ্রামে প্রচারের ফাঁকে গাড়ি থামিয়ে স্থানীয় এক বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও ভাইরাল হতেই বিরোধীরা নানা মন্তব্য শুরু করেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে সম্পূর্ণ নাটক বলেও কটাক্ষ করেছিলেন। তাই এদিন কৃষ্ণনগরের সভা থেকে সেই প্রসঙ্গ তুলেই মোদী স্পষ্ট করে দেন যে বাংলায় তাঁরা জনসংযোগ করতে সফল হয়েছেন।