সরাসরি Aadhaar নম্বর ব্লক করার ফিচার যুক্ত হল মোবাইল অ্যাপে, কীভাবে করবেন? জানুন

Published:

Aadhaar Number Block

অনন্যা সরকার, কলকাতা: আধার (Aadhaar) ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়তে থাকায়, ইউআইডিএআই (UIDAI) আধার অ্যাপে একটি নতুন এবং অত্যন্ত দরকারি ফিচার যুক্ত করেছে। যেসব ইউজার তাদের ফোনে আধার অ্যাপ ব্যবহার করেন, তারা এবার থেকে একই অ্যাপের সাহায্য তাদের আধার লক করতে পারবেন। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত অ্যাপটিতে বায়োমেট্রিক লকিং ফিচারটি শুধুমাত্র আঙুলের ছাপ বা আইরিসের মতো বায়োমেট্রিক ফিচারের জন্যই উপলব্ধ ছিল। তবে, এবার ইউজাররা শুধু বায়োমেট্রিকই নয়, তার সম্পূর্ণ আধার নম্বরটি (Aadhaar Number) এক ক্লিকেই ব্লক করতে পারবেন। আসুন এই ফিচারটির বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। 

আধার অ্যাপ থেকে আধার নম্বর ব্লক করা হল এখন আরও সহজ 

আধার লক ফিচারটি একটি অত্যন্ত দরকারি নিরাপত্তা ব্যবস্থা, যা ব্যবহারকারীকে নিজের ১২ সংখ্যার আধার নম্বরটি নিষ্ক্রিয় করার সুযোগ দেয়। অর্থাৎ, আনলক না করা পর্যন্ত কেউ আপনার আধার ব্যবহার করতে পারবে না। ফলে, আধার লক করা থাকলে ই-কেওয়াইসি, বায়োমেট্রিক অথেন্টিকেশন বা ওটিপি ভেরিফাই করা সম্ভব হয় না। এই ফিচারটি সেই সমস্ত মানুষদের জন্য খুব উপকারী হতে পারে, যাদের ঘন ঘন আধার ব্যবহার করার প্রয়োজন হয় না এবং যারা ডিজিটাল প্রতারণার শিকার হওয়ার ভয় পান। এই আধার লক ফিচারটি বয়স্ক ব্যক্তিদেরও প্রতারণা থেকে রক্ষা করতে পারে।

এতদিন নতুন আধার অ্যাপে একটি বায়োমেট্রিক লক ফিচার ছিল, যা শুধু বায়োমেট্রিক ডেটা লক করার সুযোগ দিত। এটি শুধুমাত্র আধার কার্ডহোল্ডারের আঙুলের ছাপ এবং আইরিসের ডেটা সুরক্ষিত রাখত। এর ফলে কেউ তাদের আঙুলের ছাপ ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা তাঁর নামে সিম কার্ড ইস্যু করতে পারত না। কিন্তু, এর মাধ্যমে আধার লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো বা অন্য উপায়ে আধার ব্যবহার করা সম্ভব ছিল। তবে, এবার থেকে নতুন ফিচারটি ব্যবহার করে আধার লক করা হলে, শুধু বায়োমেট্রিকই নয়, ডেমোগ্রাফিক এবং ওটিপি অথেন্টিকেশনও সম্পূর্ণরূপে ব্লক হয়ে যাবে। তাই, যদি আপনার আধার ব্লক করা থাকে ও কেউ কোনো সিস্টেমে আপনার আধার নম্বরটি প্রবেশ করায়, তাহলে “অবৈধ” বা “ব্লকড” লেখা একটি মেসেজ দেখা যাবে। উল্লেখ্য, আধার লক করা থাকলে, শুধুমাত্র জরুরি কাজগুলোই একটি ১৬-সংখ্যার ভার্চুয়াল আইডির মাধ্যমে করা যাবে।

আরও পড়ুন: ৭০% অবধি কমতে পারে ক্যান্সারের ওষুধের দাম, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

কীভাবে কাজ করে এই ফিচারটি?

আধার লক করার আগে, ইউজারকে অবশ্যই তার আধারের জন্য একটি ১৬-সংখ্যার ভার্চুয়াল আইডি (VID) তৈরি করতে হবে। একবার আধার লক হয়ে গেলে, যেকোনো পরিষেবা অ্যাক্সেস করার জন্য এই ভিআইডি ব্যবহার করতে হবে। ভিআইডি না থাকলে, প্রথমে ইউআইডিএআই ওয়েবসাইট বা এমআধার (mAadhaar) অ্যাপ থেকে একটি ভিআইডি জেনারেট করতে হবে। এই ভিআইডি কোথাও শেয়ার করা হয় না, যা এটিকে আধার নম্বরের চেয়ে বেশি সুরক্ষিত এবং ব্যক্তিগত করে তোলে।

অ্যাপ থেকে আধার লক করবেন কী করে?

আধার লক করা খুব সহজ। এর জন্য প্রথমেই আধার অ্যাপে যেতে হবে। অ্যাপে লগ ইন করার পর, অ্যাপের নীচের দিকে থাকা ‘সিকিউরিটি’ (Security) অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর ‘ভার্চুয়াল আইডি এবং আধার লক’ (Virtual ID and Aadhaar Lock) অপশনটি বেছে নিতে হবে। এবার ‘আধার লক’ (Aadhaar Lock) অপশনে ক্লিক করতে হবে। যদি, ভিআইডি তৈরি করা না থাকে, তাহলে সেখানে ‘জেনারেট ভিআইডি’ (Generate VID) বিকল্পটি দেখতে যাবে, সেখান থেকেই একটি আইডি তৈরি করে নিতে হবে।

এরপর অ্যাপের শর্তাবলী মেনে নিতে চেকবক্সে ক্লিক করতে হবে। তারপর ‘এন্টার ভিআইডি অ্যান্ড লক আধার’ (Enter VID and Lock Aadhaar’)-এ ক্লিক করে ভিআইডি লিখে ও ইউজারের মুখ স্ক্যান করে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করলে মুহূর্তের মধ্যেই আধার লক হয়ে যাবে।

google button