প্রীতি পোদ্দার, কলকাতা: ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা, মাটন-চিকেন কষা, সর্ষে পাবদা ইত্যাদি আমিষ রান্না (Recipe) হামেশাই ভোজন রসিকদের নজর কাড়ে। এদিকে এসব ছেড়ে অনেকেই নিরামিষ খেতে চায় না। তাই স্বাভাবিকভাবেই নিরামিষের দিনে কর্ত্রীদের রান্না করতে গেলেই আকাশ কুসুম ভাবতে হয়। তবে চিন্তা নেই, নিরামিষ রান্নাও (Cooking) যাতে মানুষে চেটে পুটে খেতে পারে তার ব্যবস্থা করতে এবার আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এল এক জবরদস্ত রেসিপি, আর সেটি হল সয়াবিন কোফতা কারি (Soya Chunks Kofta Curry)।
উপকরণ
সয়াবিন কোফতা কারি রান্নার জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- সয়াবিন, আলু, আদা কুচি, লঙ্কা কুচি, কিসমিস, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ, ব্যাসন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, কাজু বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই, চিনি, ঘি, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
সয়াবিন কোফতা কারি বানানোর জন্য প্রথমে সয়াবিনের বড়ি গরম জলে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে আদা কুচি, লঙ্কা কুচি, কিসমিস, জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার ভিজিয়ে রাখা সয়াবিনগুলো নরম হয়ে এলে ভালো করে জল নিঙড়ে নিয়ে ব্লেন্ডারে ভালো করে বেটে নিতে হবে। এবার এই সয়াবিন বাটার মধ্যে আদা, লঙ্কা ও কিসমিস বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর সঙ্গে ব্যাসন, নুন, হলুদ ও চিনি একসঙ্গে মিশিয়ে ভাল ভাবে মেখে নিন। এবং ছোট ছোট লেচি কেটে গোল বলের মতো আকার করে নিতে হবে।
আরও পড়ুন: অল্প উপকরণেই জমবে লাঞ্চ! বানিয়ে নিন ঠাকুরবাড়ির পটলের মালাইকারি
এবার একটি কড়াইতে বেশি করে সর্ষের তেল গরম করে গোল বলের মতো আকার করে বানিয়ে সেটি ভেজে তুলে নিতে হবে আলাদা পাত্রে। অন্যদিকে ওই একই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে। ওর মধ্যে দিতে হবে সামান্য নুন, হলুদ, আদা এবং কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, কাজু বাটা এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু মশলা কষে এলে ওর মধ্যে টক দই দিয়ে কষিয়ে নিতে হবে। এবার সেই মশলা থেকে তেল বেরিয়ে এলেই ভাজা সয়াবিন গুলোকে দিয়ে দিতে হবে, একটি নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা এবং সামান্য ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।










