প্রীতি পোদ্দার, কলকাতা: ভোজন রসিক বাঙালির কাছে খাওয়া-দাওয়া যেন এক আলাদাই মাহাত্ম্য পায়। সে পোলাও মাংস হোক কিংবা বিরিয়ানি, রোল, চাউমিন, বিভিন্ন স্বাদের মিষ্টি। শোনা যায়, ঠাকুরবাড়ির হেঁশেলে নাকি রান্নাবান্না (Cooking Tips) নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলত বরাবরই। তার কারণ হেঁশেলের দায়িত্ব শুধু রাঁধুনিদের হাতে থাকত না, বাড়ির কর্ত্রীরাও নাড়াত খুন্তি। তাইতো ঠাকুরবাড়ির আমিষ পদের (Recipe) পাশাপাশি নিরামিষ পদ ও বেশ বিখ্যাত। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ঠাকুরবাড়ির বিখ্যাত নিরামিষ রান্নার পটলের মালাইকারি (Patal Malai Curry)। চটজলদি আর অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায় ঠাকুরবাড়ির এই আকর্ষণীয় পদ। রইল বিস্তারিত।
উপকরণ
পটলের মালাইকারি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – পটল, আলু, আদা, কাঁচা লঙ্কা, হিং, নুন, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, নারকেল কোড়া, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, টক দই, ঘি, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
প্রথমে পটল গুলোর হালকা খোসা ছাড়িয়ে লম্বা করে মাঝখান থেকে চিরে নিতে হবে। আলুগুলোর খোসা ছাড়িয়ে তরকারির মত ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল নিয়ে কেটে রাখা পটলগুলো ভেজে নিতে হবে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে। এবার ভেজে রাখা পটলগুলো তুলে নিতে হবে একটি পাত্রে। অন্যদিকে একই তেলে কেটে রাখা আলুগুলো ভেজে রাখতে হবে। এবার একটি ব্লেন্ডারে নারকেল কোড়া, আদা এবং কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিতে হবে।
আরও পড়ুন: একঘেয়ে রান্নায় আসবে টুইস্ট, চিংড়ি বদলে দেবে ঢ্যাঁড়সের স্বাদ, জানুন রেসিপি
এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে সামান্য হিং, গরম মশলা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ মশলা কষিয়ে নিতে হবে। এবার ৪-৫ মিনিট পর মশলার মধ্যে গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে ভেজে রাখা পটল, আলু গুলো দিয়ে দিতে হবে। ৩-৪ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। হয়ে গেলে শেষের দিকে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি পটলের মালাইকারি।










