প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের দিনে ঢ্যাঁড়স (Ladies Finger Recipe) খাওয়া শরীরের জন্য বেশ উপকারী, কারণ সেগুলি খেলে শরীরের পুষ্টিগুণ বাড়ে। কিন্তু ছোটদের এই সব খাওয়ানো বেশ ঝক্কির। বেশির ভাগ বাড়িতেই এ নিয়ে কম বেশি যুদ্ধ চলে। কিন্তু এদিকে আবার চিংড়ির (Prawn Recipe) নাম শুনলেই জিভ দিয়ে জল পড়ে। তাই এবার এই দুটোকে মিলিয়েই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে আসল এক দুর্দান্ত রেসিপি। আর সেটি হল ঢ্যাঁড়স চিংড়ির ঝাল (Bhindi Chingri Jhal Recipe), যা করতে লাগবে খুব কম সময়।
উপকরণ
ঢ্যাঁড়স চিংড়ির ঝাল বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগে সেগুলি হল – ঢ্যাঁড়স, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, চিংড়ি মাছ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, সর্ষের তেল। এবার দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি বানানো যায়।
রান্নার পদ্ধতি
প্রথমে বাজার থেকে আনা চিংড়ি মাছগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর লম্বা লম্বা করে ঢ্যাঁড়স গুলোকে কেটে নিতে হবে। পরে পেঁয়াজ গুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার একটি প্যানে সামান্য সর্ষের তেল নিয়ে নিতে হবে, এবার তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়স গুলোকে হালকা ভেজে নিতে হবে। অন্যদিকে ওই একই তেলে কুচোনো পেঁয়াজ, টমেটোগুলো ভেজে নিতে হবে।
আরও পড়ুন: অল্প সময়ে সর্ষে-পোস্ত দিয়ে বানিয়ে ফেলুন কাঁচা আমের চিংড়ি ভাপা, স্বাদ হবে দুর্দান্ত
ভাজা টমেটো এবং পেঁয়াজের মধ্যে পরিমাণ মত নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর কিছুটা জল নিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। পরে ৬-৭ মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। ৩-৪ মিনিট পর রান্নার মাঝে ভাজা ঢ্যাঁড়স গুলোকে দিয়ে দিতে হবে। ব্যাস, নুন চিনির স্বাদ একটু চেখে শেষে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি ঢেঁড়স চিংড়ির ঝাল।










