বাসন্তী নয়, ট্রাই করুন খোয়া ক্ষীরের সাদা পোলাও, জিভে লেগে থাকবে স্বাদ

Published:

White Pulao With Khoya Kheer

প্রীতি পোদ্দার, কলকাতা: ছুটির দিনে বাড়িতে বসে রাজকীয় খাবারের স্বাদ পেতে অনেকের ইচ্ছা করে। তাইতো সকালে লুচি দিয়ে শুরু হয় খাবারের তালিকা আর শেষ হয় মাংসের কোর্মা কিংবা মাছের কালিয়াতে। তার সঙ্গে ফ্রায়েড রাইস এবং পোলাও (Pulao  Recipe) হলে তো কোনো কথাই নেই। কিন্তু একঘেয়ে বাসন্তী পোলাও খেতে সবসময় ভালো লাগে না। তাই আমরা আজকে নিয়ে এসেছি খোয়া ক্ষীর দিয়ে সাদা পোলাওয়ের রেসিপি (White Pulao With Khoya Kheer)। যা স্বাদে হবে দুর্দান্ত।

ছানার কোপ্তা হোক বা বেগুনের ভর্তা রকমারি রান্নায় পারদর্শী হলেও ভাতের কোনও পদ রাঁধতে গিয়েই পড়তে হয় মহা সমস্যায়। এই যেমন পোলাও, সবসময় বাসন্তী পোলাও খেতে একদমই মন চায় না। তাই ভিন্ন স্বাদ ট্রাই করার জন্য আজই বানিয়ে নিন খোয়া ক্ষীর দিয়ে সাদা পোলাও। গরম গরম মাংসের কোর্মা কিংবা মাছের কালিয়া দিয়েও খেতেও লাগবে বেশ। চলুন একনজরে দেখে নেওয়া যাক রেসিপি।

উপকরণ

খোয়া ক্ষীর দিয়ে সাদা পোলাও বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হল গোবিন্দভোগ চাল, ঘি, কাজু, কিসমিস, নুন, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদাবাটা, সাদা তেল, চিনি, খোয়া ক্ষীর।

রান্নার পদ্ধতি

খোয়া ক্ষীর দিয়ে সাদা পোলাও বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিতে হবে। এবার সেই ধোঁয়া চালগুলোকে শুকোতে দিতে হবে। শুকিয়ে এলে বেশি করে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার তার সঙ্গে দিয়ে দিতে হবে এলাচ, কিসমিস, দারচিনি, লবঙ্গ এবং আদাবাটা ভালো করে মেখে নিতে হবে। এরপর একটি কড়াইতে ঢেলে নিতে হবে সাদা তেল। সেই তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ঘি দিতে হবে। এবার ভালো করে তেল এবং ঘি মিশিয়ে ওর মধ্যে মশলা মাখিয়ে রাখা চাল দিয়ে দিতে হবে কড়াইতে।

আরও পড়ুন: ভাতের ফ্যান না ফেলে এভাবে বানান স্বাস্থ্যকর শরবত, আরাম পাবেন গরমে

তেল এবং ঘি এর মধ্যে মাখা চাল ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে বেশি করে জল দিয়ে সিদ্ধ করতে গিয়ে হবে। সেখানে একটি জায়ফল ভালো করে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে এবং স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রেখে দিতে হবে। ৫-৭ মিনিট পর চাল সিদ্ধ হয়ে গেলে ঢাকনা সরিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। পাশাপাশি ওই মিশ্রণের সঙ্গে খোয়া ক্ষীর এবং ঘি মিশিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিতে হবে। ৩-৪ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে খোয়া ক্ষীরের সাদা পোলাও।