অনন্যা সরকার, নয়া দিল্লি: ব্যাংকে লোন নিতে গেলে গ্রাহককে গছিয়ে দেওয়া (Mis-Selling) হচ্ছে নানা রকমের ইন্স্যুরেন্স। সামান্য কাজের জন্য হাজার রকমের অ্যাপ ডাউনলোড করানো হচ্ছে ফোনে। কিংবা ঋণ শোধ করার আগেই আরও ঋণ নেওয়ার জন্য উৎসাহিত করে গ্রাহকদের ব্যতিব্যস্ত করছেন ব্যাংক কর্মীরা। এই সমস্ত অভিযোগ প্রায়শই শুনতে পাওয়া যায়। তবে এবার গ্রাহকদের হয়রানি দূর করতে এবং এই ‘গছানো’-এর প্রবণতা কমাতে নতুন নির্দেশিকা (Bank Mis-Selling Guidlines) জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)।
ব্যাংক আর জোর করে গছাতে পারবে না কোনও পরিষেবা
সোমবার (১৫ জুন) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (কমার্শিয়াল ব্যাঙ্কস রেসপন্সিবল বিজনেস কনডাক্ট) সেকেন্ড আমেন্ডমেন্ট ডিরেকশন্স ২০২৬ জারি করা হয়েছে আরবিআই-এর তরফে। সমস্ত বাণিজ্যিক ব্যাংকের ওপর ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকরী হবে এই নির্দেশিকা। স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে শুরু করে পেমেন্ট ব্যাঙ্ক, লোকাল এরিয়ার ব্যাংক ও গ্রামীণ ব্যাংকগুলির জন্য আলাদা আলাদা নিয়ম জারি হয়েছে। নির্দেশিকা মেনে সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য সাড়ে ছ’মাসের মতো সময় পাবে ব্যাংকগুলি।
আরবিআই সাফ জানিয়ে দিয়েছে, গ্রাহককে এবার থেকে আর কোনো রকম ‘মিস-সেলিং’ করা চলবে না। মিস-সেলিং বলতে বোঝায়, ইচ্ছার বিরুদ্ধে ও প্রয়োজনের বাইরে গিয়ে কোনও ধরনের অর্থনৈতিক পণ্য বা পরিষেবা কিনতে বাধ্য করা বা গছিয়ে দেওয়াকে। আরবিআই স্পষ্ট ভাষায় নির্দেশিকায় বলেছে যে,
- ১. গ্রাহকের প্রোফাইলের সাথে সাজুত্রপূর্ণ নয় এমন পণ্য কখনোই বিক্রি করা যাবে না। এমনকি গ্রাহক যদি কিনতে রাজিও হয়ে যান, তাও নয়। অন্য বিক্রির আগে ভুল বা সম্পূর্ণ তথ্য দেওয়া চলবে না।
- ২. গ্রাহক স্পষ্টভাবে সম্মতি না জানালে কখনোই কোনও প্রোডাক্ট বিক্রি নয়।
- ৩. কোন একটি পণ্যের সাথে আরেকটি পণ্যকে শর্ত হিসেবে জুড়ে দিয়ে সেটি কিনতে বাধ্য করা যাবে না।
- ৪.SEBI, IRDAI, PFRDA-র মত নিয়ন্ত্রক সংস্থাগুলির সংজ্ঞা অনুসারে ভুল ব্যাখ্যা করে কোন পণ্য বিক্রি করা চলবে না।
- ৫. ভুল বুঝিয়ে কিছু গুছিয়ে দিলে গ্রাহকরা ৩০ দিনের মধ্যে অভিযোগ জানাতে পারবেন আরবিআই-এর কাছে।
- ৬. বিষয়টি সত্য প্রমাণিত হলে ব্যাংককে পুরো টাকা ফেরত তো দিতেই হবে, তার সাথে দিতে হবে ক্ষতিপূরণও।
আরও পড়ুনঃ খোলা যাবে বুলেটের শোরুম, একটা সময় ফ্রিতে পাওয়া Bitcoin-র দাম ছাড়াল ৬২,০০,০০০
বর্তমান সময়ে দাঁড়িয়ে আরবিআই-এর এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋণ নিতে গিয়ে ইনসিওরেন্স গছিয়ে দেওয়ার অভিযোগ নিত্যদিন জমা পড়ে। পার্সোনাল লোন বা হোম লোনের ক্ষেত্রেও ব্যাংকের পার্টনার ইনস্যুরেন্স কোম্পানি থেকে বাধ্য হয়ে বীমা করাতে হয়েছে অনেক গ্রাহককে। এই কড়া নির্দেশিকা ব্যাংকের গছিয়ে প্রবণতাকে কমাবে বলেই আশা করা হচ্ছে।










