কোচিং ছাড়াই সাফল্য, বাংলা মাধ্যমে পড়ে UPSC ক্লিয়ার করে আজ IAS ব্রততী দত্ত

Published:

IAS Bratati Dutta

অনন্যা সরকার, কলকাতা: বাংলা মাধ্যমে পড়ে, কোনও কোচিং না নিয়েও যে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য (UPSC Success Story) অর্জন করা যায়, তা প্রমাণ করেছেন বাংলার সোনার মেয়ে ব্রততী দত্ত। কলকাতার পার্শ্ববর্তী জেলায় অতি সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা ব্রততীর। পড়াশোনা করেছেন কবিগুরুর স্মৃতি বিজরিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর পড়তে পড়তেই প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন, ফলে সেবার আসেনি সাফল্য। তবে পরবর্তী বছর দ্বিতীয় চেষ্টাতেই ক্র্যাক করে ফেলেন দেশের অন্যতম কঠিন পরীক্ষা। আসুন আইএএস ব্রততী দত্তের সাফল্যের এই কাহিনীটি (Success Story of IAS Bratati Dutta) জেনে নেওয়া যাক। 

কোনও কোচিং ছাড়াই একার চেষ্টায় এসেছে সাফল্য

ব্রততীর ছেলেবেলা কেটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া অশোকনগরে। হাবড়ার বাণীপুর জওহর নবদয় আবাসিক স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন ব্রততী। স্কুলের রেজাল্ট ছিল বাঁধিয়ে রাখার মতো। দ্বাদশ শ্রেণির শেষ করে ব্রততী ভর্তি হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে কৃষি নিয়ে স্নাতক পাশ করেন। 

এরপর ওড়িশার এক শিক্ষা প্রতিষ্ঠানে সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তি হন। এই সময়ই ইউপিএসএসসি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন তিনি। কাজেই শুরু হয়ে যায় প্রস্তুতি। তবে স্নাতকোত্তরের পড়াশোনার পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ায় প্রথম প্রচেষ্টায় অকৃতকার্য হন ব্রততী। তবু তিনি হার মানেননি, আবার নতুন করে প্রস্তুতি নেওয়া শুরু করেন। 

আরও পড়ুনঃ যেন ভূতের সিনেমার সেট! ঘুরে আসুন পাইন জঙ্গলে ঘেরা দার্জিলিং-র এই অফবিট থেকে

এরপর ২০২৩ সালে দ্বিতীয় অ্যাটেম্পটে ইউপিএসসি পরীক্ষায় পাস করে আজ আইএএস অফিসার হিসেবে কর্মরত ব্রততী দত্ত। সিভিল সার্ভিসে তার সর্বভারতীয় র‍্যাঙ্কিং ছিল ৩৪৬। ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে অনেক ছেলেমেয়ে পাড়ি দেন ভিন রাজ্যে, বিভিন্ন কোচিং সেন্টার থেকে নেন প্রশিক্ষণ। কিন্তু এদিক থেকে একদমই ব্যতিক্রমী ছিলেন ব্রততী। সম্পূর্ণ নিজের পরিকল্পনায় প্রস্তুতি নিয়েছেন, প্রয়োজনে বদলেছেন স্ট্র্যাটেজি। আর তাতেই এসেছে সাফল্য। আজ তার সাফল্যের কাহিনী বাংলার বহু সিভিল সার্ভিস পরীক্ষার্থীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।